শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানের রিমেকে নাচবেন বিদ্যা
সৃজিত মুখার্জীর ‘বেগম জান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন বিদ্যা বালন। এবারে নতুন ছবিতে এক প্রাণবন্ত রেডিও জকির চরিত্রে নতুন রূপে দেখা যাবে তাকে। সেই সঙ্গে নতুন আকর্ষণ হলো শ্রীদেবীর সাড়াজাগানো আইটেম গান ‘হাওয়া হাওয়াই’য়ের রিমেকেও দেখা যাবে ‘বেগম জান’কে!
এ মুহূর্তে বলিউডে চলছে সাড়াজাগানো পুরনো আইটেম গানের পুনঃনির্মাণের নতুন ধারা। ‘ওকে জানু’ছবির ‘হাম্মা হাম্মা’, ‘রইস’য়ের ‘লায়লা ম্যায় লায়লা’, ‘কাবিল’ছবির ‘হাসিনো কা দিওয়ানা’ ও সর্বশেষ ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র ‘তাম্মা তাম্মা’ গানের পর এবারে ‘তুমহারি সুলু’তে শ্রীদেবীর ১৯৮৯ সালের ‘চালবাজ’ ছবির বিখ্যাত আটেম গান ‘হাওয়া হাওয়াই’তে নাচবেন বিদ্যা বালন।
মূল ছবির গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্লেব্যাক শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। নতুন গানটিও তাকে দিয়েই গাওয়ানোর কথা ভাবছেন নির্মাতা সুরেশ ত্রিবেণী। তবে গানটির সুর ও সংগীতায়োজন করবেন তনিষ্ক বাগচি। তিনি এর আগে ‘হাম্মা’ ও ‘তাম্মা তাম্মা’ গানেরও সুরারোপ করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে পরিচালক সুরেশ ত্রিবেণী বলেন, “আমার সিনেমায় শ্রীদেবীর সাড়াজাগানো এই গানটি রাখতে পেরে আমি খুবই গর্বিত। এ ছবির অন্যতম আকর্ষণ হবে এই গানটি। পুরনো জনপ্রিয় গানগুলো পুনঃনির্মাণের মাধ্যমে আমরা চাইছি গানগুলো নতুন করে দর্শকের সামনে নিয়ে আসতে। এ গানগুলো এখনো আগের মতোই জনপ্রিয় সবার কাছে।”
‘তুমহারি সুলু’তে সুলোচনা নামের এক প্রাণবন্ত রেডিও জকি’র চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, “সুলু চরিত্রটি অনেকটা লেবুর মতো। খাবারের স্বাদ বদলাতে যেমন লেবুর তুলনা নেই তেমনি জীবনের স্বাদ বদলে দেয় সুলু! আমার মনে হচ্ছে সুলু চরিত্রটি আমার ভেতরের সব দুষ্টামিগুলোকে বের করে আনবে।”
এ ছবিতে বিদ্যা বালন ছাড়াও গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়া ও মানব কাউল’কে। চলতি বছর ১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
