আরিয়ানার সঙ্গে ম্যানচেস্টারে গাইবেন বিবার, কেটি পেরিও
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ২২ মার্চের আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুষ্ঠিতব্য কনসার্টে আরিয়ানা গ্রান্ডের সঙ্গে গাইবেন জাস্টিন বিবার, কেটি পেরি এবং মাইলি সাইরাসের মতো তারকারা।
রয়টার্স বলছে, মঙ্গলবার আয়োজকদের তরফ থেকে জানানো হয়, এই তারকাদের পাশাপাশি মার্কিন পপ তারকা ফ্যারেল উইলিয়ামস, আশার, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে, ওয়ান ডিরেকশন তারকা নিয়াল হোরান এবং ম্যানচেস্টারভিত্তিক ব্যান্ড টেক দ্যাট অংশ নেবে এই কনসার্টে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
২২ মে ম্যানচেস্টার এরিনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারান ২২ জন। আহত হন শতাধিক, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন আরিয়ানার নারী ভক্তকূলের অংশ। পরবর্তীতে আইএস এই ঘটনার দায় স্বীকার করে।
এই ঘটনার পরপরই নিজের ইউরোপ ট্যুর বাতিল ঘোষণা করে দেশে ফিরে যান আরিয়ানা। তবে শিগগিরই ম্যানচেস্টারে ফিরে আসার কথাও জানান এই ২৩ বছর বয়সী তারকা।
সেই ঘোষণা অনুযায়ীই আসছে রোববার অনুষ্ঠিতব্য ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ কনসার্টটিতে অংশ নেবেন তিনি। ব্রিটিশ রেডক্রস এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জমা হবে ‘উই লাভ ম্যানচেস্টার ইমার্জেন্সি’ ফান্ড নামক তহবিলে। এরইমধ্যে এই তহবিলে জমা হয়েছে ৫০ লাখ পাউন্ড।
রোববারের এই কনসার্ট টিভি এবং রেডিওতে সরাসরি প্রচার করবে বিবিসি।
