ক্যাম্পাস তারকার খোঁজে নুসরাত ফারিয়া
ক্যাম্পাস তারকা খোঁজার অভিযানে নেমেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’-এর সিলেকশন রাউন্ডে এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ।অনুষ্ঠানে তিনি প্রতিযোগীদের নানা পারফর্মে মন্তব্য করেছেন। উৎসাহ ও পরামর্শ দিয়েছেন। এছাড়া নিজে বিচারক সজলের সাথে র্যাম্পে হেঁটেছেন ও নাচ করেছেন।
ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভির উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই সিলেকশন রাউন্ড । ১৫টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীরা শুধুমাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একইসাথে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে। বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লক্ষ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ।
উল্লেখ্য, আসছে ঈদে মুক্তি পাচ্ছে ফারিয়ার নতুন সিনেমা ‘বস-২’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ।
