ইমরান-রোতসীর মিউজিক্যাল রোমান্স ‘মন খারাপের দেশে’
ইউটিউবে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হলো হালের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরানের নতুন গান।
সোমবার রাতে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ইমরানের নতুন ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। লিখেছেন শরীফ আল-দীন। মিউজিক ভিডিও আকারে মুক্তি পাওয়ার আগেই গানটির অডিও ইতমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্মিত হলো গানটির ব্যয়বহুল ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে মডেল হয়েছেন রোতসী। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রোতসীর হাত ধরেছেন ইমরান নিজেও।
মিউজিক ভিডিওতে নিজের নুতন উপস্থিতি প্রসঙ্গে ইমরান বলেন, “চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। নিজেকেও একটু ভেঙেছি। ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি গান করার জন্য সিএমভিকে ধন্যবাদ জানাই।”
এদিকে মডেল রোতসী বলেন, “আমি ইমরানের গানের ভক্ত। চেষ্টা করেছি গানটির সঙ্গে নিজেকে মেলে ধরতে। সহযোগিতা পেয়েছি নির্মাতা ও শিল্পীর। আশা করছি সবার ভালো লাগবে আমাদের পর্দার রসায়ন।”
