প্রথমবারের মতো ঢাকায় ‘সাঁঝবেলার বিলাপ’
ঢাকার মঞ্চে প্রথমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনা ‘সাঁঝবেলার বিলাপ’
যুদ্ধে গেছেন রাজা, তারপর থেকেই নিখোঁজ তিনি। কিন্তু রানির মনে সে নিয়ে কোনো কষ্ট নেই। রানি প্রেমে পড়েছেন তাঁরই সৎ ছেলে যুবরাজ হিপোলিটাস-এর। রানি ফেইড্রার মনে এখন যত যাতনা সব যুবরাজ কে ঘিরেই। কী করে জানাবেন তিনি, তার এই মনোবাসনা? রাজার মৃত্যু সংবাদ শুনে যখন রানি তার মনের কথা জানালেন যুবরাজকে ঠিক তখনই খবর এলো রাজা বেঁচে আছেন এবং ফিরেও এসেছেন। এসব দ্বন্দ্ব নিয়েই খ্যাতনামা নাট্যকার জ্যঁ রাসিন রচনা করেছিলেন ফরাসি ধ্রুপদী নাটক ‘ফেইড্রা’।
তারই বাংলায় অনুদিত নাটক ‘সাঁঝবেলার বিলাপ’। অসিত কুমারের অনুবাদ করা নাটকটি মঞ্চে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। ২০১৬’র অক্টোবরে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে [এনএসডি] অনুষ্ঠিত ‘এশিয়ান প্যাসেফিক এপিবি নাট্যোৎসব’-এ প্রদর্শিত হয়েছিল নাটকটি। সে বার এশিয়ার ২০টিরও বেশি দেশের নাটকের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল এটি।
এবার এটি আসছে ঢাকার মঞ্চে। ১৬, ১৭ ও ১৮ মে ঢাকায় প্রথমবারের মতো ‘সাঁঝবেলার বিলাপ’ মঞ্চস্থ হতে যাচ্ছে। বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে প্রতি সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। এটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।
নাটকটি নিয়ে তিনি বললেন, “এতে পশ্চিমা ধ্রুপদি কানুনের সঙ্গে আমাদের অঞ্চলের এথনিক বা জাতিতাত্ত্বিকতা, দেশজ নাট্য নন্দনতত্ত্বের একটি সংশ্লেষ ঘটেছে। আমরা অভিনয়, মঞ্চ, আলো, পোশাক, রূপসজ্জা, দেহবিন্যাস এমনকি বিষয়বস্তু বা পাণ্ডুলিপিগত দিক থেকেও সংযোজন-বিয়োজনের মাধ্যমে তা ধরে রাখার চেষ্টা করেছি।”
এক ঘণ্টা ব্যাপ্তির এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস বাসেত, আফরিন তোড়া, ইসতিয়াক খান পাঠান, ধীমান চন্দ্রবর্মন, রানা নাসির, সাওগাতুল ইসলাম হিমেল এবং সাফওয়ান মাহমুদ। পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক, আশিক রহমান লিয়ন, কাজী তামান্না হক সিগমা; রূপসজ্জা পরিকল্পনায় রহমত আলী; নাট্যকথন ও গীতরচনায় শাহমান মৈশান; মঞ্চ, আলো ও দ্রব্য পরিকল্পনায় আশিক রহমান লিয়ন; সংগীত পরিকল্পনা ও প্রয়োগে আছেন সাইদুর রহমান লিপন, কাজী তামান্না হক সিগমা ও দেহবিন্যাসে অমিত চৌধুরী।
