শিল্পী সমিতির ক্ষমতা হস্তান্তরে আদালতের অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত।
নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থী রমিজ উদ্দিনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত এ আদেশ দেয়।
আদালতের এই আদেশের ফলে শুক্রবার বিকেলে শিল্পী সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।
বৃহস্পতিবার রাতে তিনি গ্লিটজকে বলেন, “শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু আদালতের আদেশে তা আমরা স্থগিত করেছি।”
আদালতের আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা থাকবে।
বাদী রমিজ উদ্দিন তার মামলায় বিবাদী করেছেন সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরুদ্দিন দিলু, সমিতির গত কমিটির সভাপতি শাকিব খান ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ নবনির্বাচিত ২১ জনকে।
গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরদিন সাংবাদিকদের সামনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওমর সানি ফল বাতিলের দাবি জানালে ভোট পুনঃগণনা হয়। ‘ক্যালকুলেটরের ভুলের কারণে’ বাদ পড়া ৯টি ভোট যোগ হয়ে ওমর সানির ভোট দাঁড়ায় ১৬২ তে।
কিন্তু সভাপতি পদে মিশা সওদাগর ২৫৯ ভোট পাওয়ায় নির্বাচনের ফল অপরিবর্তিত থাকছে বলে মঙ্গলবার জানান নির্বাচন কমিশনার।
এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন। মোট ভোটার ছিলেন ৬২৪ জন, যাদের মধ্যে ৫৫৮ জন ভোট দিয়েছেন।
ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা- এই তিনটি প্যানেল থেকে প্রার্থীরা এবারের নির্বাচনে অংশ নেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- মিশা সওদাগর (সভাপতি), জায়েদ খান (সাধারণ সম্পাদক), রিয়াজ (সহ-সভাপতি) ও নাদির খান (সহ-সভাপতি), আরমান (সহ-সাধারণ সম্পাদক), সুব্রত (সাংগঠনিক সম্পাদক), মামনুন ইমন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), জাকির হোসেন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) ও কমল (কোষাধ্যক্ষ)।
আর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- অঞ্জনা, আলীরাজ, জেসমিন, নাসরিন, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।
