২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে অঙ্গীকারের নতুন নাটক ‘মগজ ধোলাই’

মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে ‘অঙ্গীকার নাট্যদল’। নিজেদের সপ্তম প্রযোজনা হিসেবে চলতি মাসেই তারা আনছে ‘মগজ ধোলাই’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 06:02 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

১৩ই মে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে অঙ্গীকার নাট্যদল পরিবেশন করতে যাচ্ছে তাদের নতুন নাটক ‘মগজ ধোলাই’-এর উদ্বোধনী মঞ্চায়ন। নাটকটি উদ্বোধন করবেন আই টি আই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান ও নাট্যকার মাসুম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আবুল হোসেন মজুমদার। নাটকটির রচনা করেছেন আাসিফ মোঃ নজরুল। নির্দেশনা দিচ্ছেন- শুভাশীষ দত্ত তন্ময়। 

তন্ময় নাটকটি প্রসঙ্গে বলেন, “নাটকটির কাহিনী সমসাময়িক। প্রাত্যহিক জীবনে আমাদের চারপাশে কিছু চরিত্র যারা প্রতিনিয়ত আমাদেরকে বিভ্রান্ত করে ফায়দা লুটছে আর আমাদের বোকা বানাচ্ছে। যা আমরা সহজে বুঝতে পারিনা আবার অনেক সময় বুঝেও কিছু করতে পারিনা। কারণ ব্রেন ওয়াশ। যারা প্রায়ই কৌশল পাল্টিয়ে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করে যাচ্ছে। তাদের নিয়েই আমাদের এ নাটক। আশা করছি সমাজ সচেতনতামূলক নাটকটি দর্শক উপভোগ করবেন।”

নির্দেশক বলছেন, চোখে মলম লাগিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়া, কিংবা ক্যানভাসারের দাঁতের মাজন, বাতের ঔষধ বিক্রি করা, বিদেশের লোভ দেখিয়ে সাগরে ভাসিয়ে দেয়া, পীরের মুরিদ হয়ে স্বর্গ লাভ করা, পাথর দিয়ে ভাগ্য পরিবর্তন করা কিংবা নায়িকা করার প্রলোভন দিয়ে মেয়েদের সর্বনাশ করা- এসব হলো মানুষকে বোকা বানানোর অন্যতম মাধ্যম। সামাজের এ রকম কিছু কপট চরিত্র নিয়েই এ নাটকের কাহিনী। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- হানিফ পালোয়ান, আসিফ নজরুল, নাজিম উদ্দিন নাহিদ, জহির খাঁন, সুবর্ণ সাইফুল, টুটুল, এস. চন্দন, সাইফ আহমেদ সনি, এস.চন্দন, সানজি খান, মো:-রিজ, এন.এইচ রুপক, সৈয়দা শায়লা আহমেদ, মোঃ নাজিরুল ইসলাম আপন ও নীলাঞ্জনা নীলা। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন মোখলেছুর রহমান, শব্দনিয়ন্ত্রণ করেছেন তারক নাথ দাস, কোরিওগ্রাফী- মো: ফরহান আহমেদ (শামীম), পোশাক ও রূপসজ্জা- তন্ময়।