এমটিভি অ্যাওয়ার্ডসে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর জয়
এমটিভি টিভি অ্যান্ড মুভি অ্যাওয়ার্ডস-২০১৭’র আসর বাজিমাত করলো ডিজনি’র ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। আসরের সেরা চলচ্চিত্র ও সেরা অভিনয়শিল্পীর পুরস্কার গেছে এই সিনেমার ঘরে।
‘লোগান’, ‘দ্য এজ অফ সেভেনটিন’, ‘রৌগ ওয়ান : আ স্টার ওয়ার্স স্টোরি’ এবং ‘গেট আউট’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলিকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের গোল্ডেন পপকর্ন ঘরে তোলে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’।
নির্মাতা বিল কনডন পুরস্কার গ্রহণ করতে গিয়ে বলেন, “এটা দারুণ উচ্ছ্বাসের, আপনাদের অনেক ধন্যবাদ। সিনেমাটিকে এভাবে গ্রহণ করার জন্য দর্শকদের ধন্যবাদ; তবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই নারী দর্শকদের কাছে। আপনারা প্রমাণ করেছেন নারীরা দর্শক হিসেবে কতটা শক্তিশালী এবং এখন থেকে এটা সিনেমার বাজার পাল্টে দেবে।”
হিউ জ্যাকম্যান অবশ্য খালি হাতে ফিরে যাননি। ‘লোগান’ সিনেমার সহশিল্পী ড্যাফনি কিনকে সঙ্গে নিয়ে তিনি জিতে নিয়েছেন ‘সেরা জুটি’র পুরস্কার।
‘হিডেন ফিগার্স’ জিতে নিয়েছে ‘প্রসাশনের বিরুদ্ধে লড়াই’ বিভাগের সেরা চলচ্চিত্রের পুরস্কার। ‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’ জিতেছে জেনারেশন অ্যাওয়ার্ড।
‘দ্য ওয়াকিং ডেড’-এর জন্য সেরা খলচরিত্রের পুরস্কার বাগিয়েছেন জেফ্রি ডিন মর্গান। এলেন ডিজেনারেস, রু পলদের মতো তারকাদের হারিয়ে সেরা উপস্থাপকের পুরস্কার জিতেছেন ‘দ্য ডেইলি শো’য়ের ট্রেভর নোয়া।
লস এঞ্জেলসে অনুষ্ঠিত এবারের আসরের উপস্থাপনা করেন অ্যাডাম ডেভাইন।
