২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশনের পর্দায় ‘তপস্বিনী’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘তপস্বিনী’। সোমবার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 06:03 PM

Updated : 11 Oct 2022, 01:58 PM

‘তপস্বিনী’ নাটকে বরদানন্দ ও ষোড়শী চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও জাকিয়া বারী মম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গল্পের নাট্যরূপ দেওয়ার পাশাপাশি নির্মাণের কাজটি করেছেন সুমন আনোয়ার।

নাটকের গল্পে দেখা যাবে, মাখনলালের ছেলে বরদানন্দ। নামের সঙ্গে মাখনলালের স্বভাবের কোনো মিল নেই। তার মন গলানো খুব কঠিন। তার অভিপ্রায় যতদিন তার ছেলে বরদানন্দ বি.এ পাশ না করে ততদিন তার বৌমা ষোড়শীর কাছ থেকে দূরে থাকবে।

কিন্তু পড়াশোনার ধাত ছিল না শৌখিন বরদানন্দের মধ্যে। তার বড় সাধ ছিল বিয়ের পর তামাক খাবে আর বউ নিয়ে আরামে এদিক সেদিক ঘোরাফেরা করবে। অন্তত পড়াশোনাটা করতে হবে না।

কিন্তু বরদার বিবাহোত্তর পর্বে তার বাবা মাখন আরো কঠোর হয়ে উঠলেন। বরদানন্দকে বিএ পাশ করতেই হবে। আর তারপরেই সে ষোড়শীর সাক্ষাৎ পাবে। বরদার বিধবা পিসিকে মাখনবাবু নিযুক্ত করলেন বরদা ও ষোড়শীকে পাহারা দেওয়ার জন্য। শহরের যাবতীয় শিক্ষকমণ্ডলী নিয়োগ দিলেন ছেলেকে বিএ পাশ করাতে। পড়াশোনা বিমুখ বরদানন্দ প্রতিবারই অকৃতকার্য হতে লাগলো আর ষোড়শীর দিন কাটতে লাগল বরদার তপস্যায়। এভাবেই শেষ পরিণতির দিকে এগিয়ে গেছে বরদানন্দ ও ষোড়শীর জীবনের গল্প।

নাটকে অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন দিলার জামান, জিয়াউল হাসান কিসলু, হেলাল, হান্নান শেলী প্রমুখ। নাটকটি সোমবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।