২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিলেন মাহিয়া মাহি ও জয়া আহসান

শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছর মেয়াদী নির্বাচন। যেখানে ভোট দিতে উপস্থিত হয়েছিলেন ‘অগ্নি’খ্যাত নায়িকা মাহিয়া মাহি ও ‘ঈগলের চোখ’খ্যাত নায়িকা জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 10:18 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

শিল্পী সমিতির নির্বাচনের অন্যতম আর্কষণ ছিলো তারকা ভোটারদের উপস্থিতি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে বিএফডিসি প্রাঙ্গণে উপস্থিত হন চিত্রনায়িকা মাহি ও জয়া। ভোট দেওয়া শেষে নিজেদের প্রিয় সহশিল্পী ও ভক্তদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান ঢালিউডের এই দুই জনপ্রিয় তারকা।

শুক্রবার দুপুর আড়াইটার কিছু পরে বিএফডিসিতে স্বামী অপুকে নিয়ে ভোট দিতে আসেন মাহিয়া মাহি। ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সামনেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন মাহি। এ সময় তিনি সবাইকে শুভকামনা জানান। এছাড়াও এইসময় ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

অন্যদিকে বেলা তিনটার দিকে বিএফডিসিতে আসেন জয়া আহসান। ভোট দেওয়া শেষে গণমাধ্যমকে তিনি বলেন,“যারা নির্বাচিত হবেন তাদের জন্য রইল অগ্রিম অভিনন্দন। নির্বাচিতরা যেন ইশতেহার অনুসারে কাজ করে সে প্রত্যাশা থাকলো।”