২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনীষা ফিরলেন ‘ডিয়ার মায়া’ নিয়ে

সঞ্জয় দত্ত’র বায়োপিকের আগেই মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘদিন অন্তরালে থাকা অভিনেত্রী মনীষা কৈরালার নতুন সিনেমা ‘ডিয়ার মায়া’। সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 10:06 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বলিউডের গতানুগতিক মশলা-মুভির বাইরে গিয়ে মনীষা অভিনয় করেছেন একেবারেই অন্যরকম এক গল্পের এই সিনেমায়। সুনয়না ভাটনগরের রচনা ও পরিচালনায় সিনেমাটিতে নেই কোনো নায়ক, নেই কোনো চটকদার আইটেম গান! তবুও স্বতন্ত্র গল্পশৈলীর বলে ট্রেইলারটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এরইমধ্যে। সেই সঙ্গে মধ্যবয়সী একাকিনী মায়াদেবী’র চরিত্রে মনীষার গ্ল্যামারবিহীন রূপও উঠে এসেছে আলোচনায়।

এক মধ্যবয়সী অবিবাহিত নারী মায়া, যে জীবনের কাছ থেকে ভালোবাসার আশা ছেড়েই দিয়েছিল। সেই নারীই একসময় পেতে শুরু করে নামবিহীন প্রেমের চিঠি। ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে যে একসময় ভিটেবাড়িটিও বেচে দিতে প্রস্তুত হয়!

 

অথচ’ মায়া’র অজান্তেই চিঠিগুলো তাকে লিখছিল তারই প্রতিবেশী দুই কিশোরী। মায়ার মুখে হাসি ফোটাতেই তারা করছিল এই কাজটি । একসময় তারা আবিষ্কার করে তাদের এই নিছক খেলাকে সত্যি ভেবে গোটা জীবনকে পেছনে ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে মায়া! সেই থেকে শুরু হয় ইরা এবং আনার মায়াকে খুঁজে বের করার অভিযান। সেই অভিযানে কি শেষ পর্যন্ত সফল হবে তারা?

উত্তর জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত।