‘ভালোবাসা ছাড়া গান হয় না’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হলো সিঁথি সাহার ‘আমি তোমাকে চাই’ গানের মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠান। সেখানে গ্লিটজের সঙ্গে কিছুক্ষণের জন্য আড্ডায় মেতে উঠেছিলেন সিঁথি সাহা।
গ্লিটজ: বিশেষ কারো উদ্দেশ্যেই কি ‘আমি তোমাকে চাই’ গানটি নির্বাচন করেছেন?
সিঁথি সাহা: সাধারণ প্রেমের গানগুলোতে ছেলেরা মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়। কারণ প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সাধারণত মেয়েরা একটু লজ্জাবোধ করেন। কিন্তু এই গানটিতে ঠিক তার উল্টো চিত্র। এখানে একজন মেয়ে তার পছন্দের ছেলেকে প্রেমের প্রস্তাব করছেন। মূলত একজন মেয়ের জীবনের চাইল্ডহুড ক্রাশের গল্প শ্রোতাদের কাছে উপস্থাপনের জন্যই এই গানটি বেছে নেওয়া।
গ্লিটজ: ‘আমি তোমাকে চাই’ গানের মিউজিক ভিডিওটির কনসেপ্ট কি আপনার জীবনের কোনো অধ্যায়ের সঙ্গে মিলে গিয়েছে?
সিঁথি সাহা: চাইল্ডহুড ক্রাশ সবার জীবনেই রয়েছে। তেমনি আমার জীবনেও চাইল্ডহুড ক্রাশ থাকতেই পারে। কারণ ভালোবাসা ছাড়া গান হয় না। তবে আমার জীবনে চাইল্ডহুড ক্রাশতো ছিলোই। অনেকের প্রতিই চাইল্ডহুড ক্রাশ ছিলো। ছোটবেলা থেকে আমার সবকিছু গানকে ঘিরেই ছিলো। মিউজিক ভিডিওটির কনসেপ্টটা খুবই সাধারণ একটা কনসেপ্ট। এটা যেকোনো ব্যক্তির জীবনের যে কোনো একটি অধ্যায়ের গল্পের সঙ্গে মিলেই যেতেই পারে, এটাই স্বাভাবিক।
গ্লিটজ: বর্তমান সময়ের শিল্পীদের মতো আপনিও মিউজিক ভিডিওয়ের প্রতি বেশি জোর দিলেন। সেক্ষেত্রে স্রোতের বিপরীতে কেন হাঁটলেন না?
সিঁথি সাহা: আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সবাই তো চলছে তাহলে আমি নই কেন? তবে আমি সব সময় কাজের সময় যেহেতু মানসম্মত কাজগুলোর উপর গুরুত্ব দেই তাই অনেক দিন পরেই আমি আবারো আমার একটি ভালো কাজ নিয়ে শ্রোতা-দর্শকের কাছে উপস্থিত হলাম। আর এখুনি আমার স্রোতের বিপরীতে চলাটা ঠিক হবে না। সবাই যেভাবে চলছেন তার সঙ্গে তাল মিলিয়ে আমিও না হয় কিছুদিন চলি। যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার ঝুড়িটা আরো ভারী হবে এবং স্রোতের বিপরীতে যাওয়ার মত অভিজ্ঞতা হবে তখন হয়ত আমি ভেবে দেখবো।
গ্লিটজ: চলতি বছরে আপনার নতুন কোনো অ্যালবাম আসছে?
সিঁথি সাহা: সবেমাত্র ‘আমি তোমাকে চাই’ গানটি প্রকাশিত হলো। বতর্মানে অ্যালবামের প্রচলনটা কিছুটা কম। এই বছর অ্যালবাম সম্ভবত প্রকাশ নাও হতে পারে। কিন্তু চলতি বছরেই আমার আরো দুটো একক গান শ্রোতাদের জন্য বাজারে আসবে।
গ্লিটজ: গানকে ঘিরে অন্যান্য আর কি ব্যস্ততা চলছে?
সিঁথি সাহা: বর্তমানে বাংলাদেশের ও কলকাতার বেশ কয়েকটি সিনেমার গানের কাজ নিয়ে ব্যস্ততা চলছে। এখুনি সেই সিনেমাগুলোর নাম বলা যাবে না। এছাড়াও পশ্চিমবঙ্গে একটি আধুনিক গানের প্রজেক্ট নিয়েও কাজ চলছে।
