জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ফারুকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয়তা কি আকাশ ছুঁতে চলেছে? এমন প্রশ্ন করতে করতেই মনে পড়ে যাবে সত্যজিৎ রায়ের কথা। বিংশ শতকের অন্যতম এ নির্মাতার জন্মদিনও ২মে। ফেসবুক ট্রল হচ্ছেন তিনিও। এদিকে একই দিনে পৃথিবীতে জন্ম হয়েছে আরও এক নির্মাতার। তার জন্মদিন তারিখ, ক্ষণ আবার হুবহু মিলে গেছে ফারুকীর সঙ্গে। তিনি সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ইরাকী নির্মাতা শওকত আমিন করকি। ‘মেমোরিজ অব স্টোন’, ‘কিক অফ’ কিংবা ‘ক্রসিং দ্য ডাস্টে’র মতো চলচ্চিত্র নির্মাণ করে ইতমধ্যেই বেশ আলোচিত তিনি। জন্মদিন যে আজ তারও এমন খবর ফারুকীই জানালেন ।
বললেন, “কাকতালীয় একটা ঘটনা বলতে পারি, আমার জন্ম ১৯৭৩ সালের মে মাসের ২ তারিখে। একই দিনে একই বছরে ইরাকের কুর্দিস্থানে আরও একজন নির্মাতার জন্মদিন বলে জানতে পারি ২০১৫ সালে। তিনি শওকত আমিন করকি। একটি ফিল্ম ফেস্টিভালের জুরি হিসেবে আমার পাশে তাকে পাই আমি।”
জন্মদিনে সহকর্মী, ভক্ত, অনুরাগীদের শুভেচ্ছাবার্তার জবাব দিয়েছেন দিনভর। জন্মতিথির প্রথম প্রহরে সহকর্মী ও বন্ধু নির্মাতাদের নিয়ে কেক কেটেছেন। এ সময় পাশে ছিলেন না শুটিংয়ের কাজে ব্যস্ত থাকা স্ত্রী অভিনেত্রী তিশা। কক্সবাজার থাকার কারণে ভিডিও কলে কেক কাটার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ফারুকী জানালেন, বিকেলে মায়ের কবরে যাবেন তিনি। যাবেন বাবার কাছেও দোয়া নিতে।
সত্যজিৎ রায়ের উত্তরসূরী হিসেবে বিশ্বচলচ্চিত্র অঙ্গনে ফারুকীর কম সাফল্য নয়, অন্যপ্রান্তে এগিয়ে চলেছেন শওকত আমিন করকিও। ২ মে বিশ্ব চলচ্চিত্রের জন্য হয়তো বিশেষ কিছু হতে চলেছে।
