২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদ খান্নার সেরা সাত

সত্তর এবং আশির দশকের সেই সময়টা, হিন্দি সিনেমায় যখন রয়েছে অমিতাভ বচ্চন, ঋষি কাপুর কিংবা শত্রুঘ্ন সিনহাদের মতো বড় বড় নাম, তখনও তাদের সঙ্গে পাল্লা দিয়ে জ্বলে উঠেতে শুরু করেছিল আরও এক তারা। প্রথমে নেতিবাচক আর ছোট চরিত্র দিয়ে শুরু করলেও দীর্ঘ সুপুরুষ এই অভিনেতাই একসময় বনে গেলেন বড় পর্দার একক নায়ক। সেই বিনোদ খান্না, দু বছর আগেও যার উপস্থিতি বাড়িয়ে তুলতো যে কোনো চলচ্চিত্রের শোভা, জীবনের সিনেমা অবশেষে থামলো তার জন্য।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 08:09 PM

Updated : 11 Oct 2022, 01:55 PM

১৯৬৮ সালে কেরিয়ার শুরুর পর ২০১৫ সাল পর্যন্ত বিনোদ খান্না অভিনয় করেছেন প্রায় একশ’টি সিনেমায়। অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার আর জি সিনে পুরস্কার। তার দুই সন্তান অক্ষয় এবং রাহুল খান্নাও বলিউডেই গড়েছেন কেরিয়ার।

বিনোদ খান্নার সেরা সাত সিনেমা নিয়ে এই আয়োজন।

১. মেরে আপনে

জাতীয় পুরস্কার জেতা বাংলা সিনেমা ‘আপনজন’-এর হিন্দি রিমেইক দিয়ে পরিচালনার হাতেখড়ি হয়েছিল গুলজার-এর। মীনা কুমারী এই সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী হলেও বিনোদ খান্না এবং শত্রুঘ্ন সিনহার অভিনয় নজড় কেড়েছিল সবার।

২. মুকাদ্দর কা সিকান্দার

সত্তরের দশকের অন্যতম জনপ্রিয় এই সিনেমার প্রধান অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন। তারপরও তার বন্ধুর চরিত্রে বিনোদ খান্নার অভিনয় ছাড়া অপূর্ণই মনে হবে সিনেমাটিকে।

৩. অমর, আকবর, অ্যান্থনি

অমিতাভ বচ্চন, ঋষি কাপুর এবং বিনোদ খান্না- প্রধান চরিত্রে জনপ্রিয়তম তিন নায়কের উপস্থিতি থাকলে সিনেমা যে সুপারহিট হবেই, তা বলা বাহুল্য। মনমোহন দেশাই-এর নির্মাণে এখনও পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে বিনোদনমূলক সিনেমার তালিকায় এটি থাকবে প্রথম দিকে।

৪. মেরা গাঁও মেরা দেশ

নায়ক হয়ে ওঠার আগে ভিলেন হিসেবে দর।মকের মন জয় করেছিলেন বিনোদ খান্না। ‘মেরা গাঁও মেরা দেশ’ সিনেমার নায়ক ছিলেন ধর্মেন্দ্র, কিন্তু দর্শকের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ডাকাত সর্দারের বেশে বিনোদ খান্নার চরিত্রটি।

৫. ইমতিহান

হলিউডি সিনেমা ‘টু স্যার উইথ লাভ’-এর হিন্দি রিমেইক এই সিনেমায় বিনোদ খান্না অভিনয করেছিলেন এক শিক্ষকের ভূমিকায় যে অসৎ পথে চালিত একদল তরুণকে সঠিক পথে নিয়ে আসার কাজে ব্রতী হয়।

৬. আচানক

গুলজারের পরিচালিত এই সিনেমায় বিনোদ খান্না অভিনয় করেছিলেন এক সামরিক কর্মকর্তার ভূমিকায়, যার অবর্তমানে তারই সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে তার স্ত্রী। গল্পটি চাঞ্চল্যকর নানাবতী কেইস অবলম্বনে তৈরি হয়েছিল, ২০১৬ তে যে গল্প আরও একবার উঠে আসে অক্ষয় কুমার-এর ‘রুস্তম’ সিনেমায়।

৭. দাবাং

সালমান খান-এর চুলবুল পান্ডে’র চরিত্রটি এই সিনেমার প্রধান আকর্ষণ হলেও তার সৎবাবা পান্ডেজী না থাকলে কিন্তু সিনেমার রসবোধ কমে যেত অর্ধেকটাই। আর সে কারণেই বিনোদ খান্না’র কেরিয়ারে ‘দাবাং’ এবং ‘দাবাং টু’ অন্যতম উল্লেখযোগ্য সিনেমা।