‘রাশ আওয়ার’য়ে কাজ করতে চান শাহরুখও
ভারতীয় অভিনেতা শাহরুখ খান বলেছেন ব্রেট র্যাটনার পরিচালিত ‘রাশ আওয়ার’-এর সিকুয়েলে কাজ করতে আগ্রহী তিনিও।
সম্প্রতি ৬০ তম সানফ্রান্সিসকো ফিল্ম ফেস্টিভালে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় শাহরুখ খানকে। সেখানেই ‘এক্স মেন: লাস্ট স্ট্যান্ড’, ‘রাশ আওয়ার’-এর মতো সফল হলিউডি সিনেমার নির্মাতা ব্রেট র্যাটনার-এর সঙ্গে দেখা হয় তার। পুরস্কার গ্রহণের মঞ্চে র্যাটনারকে লুঙ্গি ড্যান্সের তালে নাচিয়েও ছাড়েন শাহরুখ।
আর তখনই শাহরুখ-এ মুগ্ধ হয়ে র্যাটনার ঘোষণা দেন এই তারকাকে নিয়ে ‘রাশ আওয়ার’-এর সিকুয়েল তৈরি করতে চান তিনি। এবার শাহরুখ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘রাশ আওয়ার’-এ কাজ করতে রাজি তিনিও। তবে তার আছে একটি শর্ত!
তিনি বলেন,“সে (র্যাটনার) আমাকে বলেছে, ‘কোন চরিত্রে তুমি অভিনয় করতে চাও?’ আমি বলেছি, যেকোনো চরিত্রেই আমার অভিনয় করতে কোনো সমস্যা নেই। তবে আমি তাকে একটি অনুরোধ করেছি। সেটা হলো, আমি থাকি বা না থাকি, জ্যাকি চ্যান আর ক্রিস টাকারকে ভারতে অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ ‘রাশ আওয়ার’ বিশ্বজুড়েই হয়। সময় এসেছে এতো সুন্দর একটি অ্যাকশন-কমেডি সিরিজকে ভারতে নিয়ে আসার।”
শাহরুখ আরও বলেন,“আমি কোনো না কোনোভাবে এরসঙ্গে যুক্ত হব। যদি অভিনয় না করি, তাহলে তার (র্যাটনার) জন্য প্রযোজনা করে দেব আমি।”
শাহরুখ খান-এর সঙ্গে সাক্ষাতে এতোটাই মুগ্ধ র্যাটনার যে তাকে টম ক্রুজ এবং টম হ্যাঙ্কস-এর সঙ্গেও তুলনা করেন তিনি।
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, “ব্রেট খুবই ভাল এবং দয়ালু। আসলে সে যখন ওটা বলেছে, আমাকে সে ওইসব মহান অভিনেতাদের সঙ্গে ব্যক্তি হিসেবে তুলনা করেনি। সে বলতে চেয়েছে ২৫ বছরের কেরিয়ারে আমি তাদের মতোই বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। আমার মতে আমি এদের কারো সঙ্গেই তুলনার যোগ্য নই। তবে সে ভাল বলেই আমাকে নিয়ে এমন প্রশংসা করেছে।”
