‘বন্ধুর বালিকা’য় ওরা তিনজন
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় তিন মুখ নাঈম, মেহজাবিন ও ইরফান সাজ্জাদ।
জনপ্রিয় তিন তারকার দেখা মিলবে ‘বন্ধুর বালিকা’ শিরোনামের একক নাটকে। আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি।
ক্যাম্পাস জীবনের বন্ধুত্ব, প্রেম ও ভুল বোঝাবুঝি নিয়ে নাটকটির গল্প- যেখানে এক যুবক একসময়ের পছন্দের মানুষটিকে বর্তমান সময়ের সবচেয়ে কাছের বন্ধুর গার্লফ্রেন্ড হিসেবে খুঁজে পায়। যখন পুরনো দিনের কথা বন্ধু জানতে পারে, তাদেরকে ভুল বোঝে। গল্পে নতুন মোড় নেয়।
নির্মাতা জুয়েল জানান, এই সপ্তাহেই নাটকটির শুটিং হবে উত্তরার মন্দিরা হাউজ, দিয়াবাড়ি ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
তিনি বলেন,‘এর আগে আমার পাঁচটি নাটকে অভিনয় করেছেন নাঈম ভাই। তবে প্রথমবারের মতো আমার পরিচালনায় অভিনয় করবেন মেহজাবিন ও ইরফান সাজ্জাদ। আরো থাকবেন আব্দুল্লাহ রানা, ইকরামসহ কয়েকজন। আশা করছি ভালো একটি নাটক দর্শকদের উপহার দিতে পারব।’
আসছে ঈদে নাটকটি কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানিযেছেন নির্মাতা।
