কামাল আহমেদের একক সঙ্গীতানুষ্ঠান
রবিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিল্পী কামাল আহমেদের একক রবীন্দ্রসংগীত সন্ধ্যা। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে এই সংগীত সন্ধ্যাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রায় দুই ঘন্টা ব্যাপী এই আয়োজনে শ্রোতাদের সুরের জাদুতে ভাসাতে মোট ১৬টি জনপ্রিয় রবীন্দ্রসংগীত পরিবেশনা করেন শিল্পী কামাল আহমেদ। তার কন্ঠে গাওয়া গানগুলো- ‘নিশি না পোহাতে’, ‘আসা যাওয়ার পথের ধারে’, ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না’, ‘এই উদাসী হাওয়ার পথে পথে’, ‘ডেকোনা আমারে ডেকোনা’, ‘যদি জানতেম আমার কিসের ব্যাথা’, ‘সেই তো আমি চাই’, ‘এমনি করে যায় যদি দিন যাকনা’, ‘মেঘ বলেছে যাব যাব ইত্যাদি’।
অনুষ্ঠানে তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে সঙ্গী হয়েছিলেন,বেহালায় সুমিল চন্দ্র দাশ, তবলায় এনামুল হক ওমর, কি বোর্ডে রুপতনু দাস শর্মা, অক্টোপ্যাডে বিদ্যা রায় ও গীটারে নাসির উদ্দীন।
শিল্পী কামাল আহমেদের গানের কেরিয়ারে এই পর্যন্ত ১৪টি একক অ্যালবাম ও একটি যৌথ অ্যালবাম বাজারে প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে সাদা মেঘের ভেলা (কিশোর কুমারকে উৎসর্গ করা), নানারঙের দিনগুলি, গোধুলি, বালুকা বেলায় (হেমন্ত মুখোপাধ্যায়কে উৎসর্গ করা) ও মহাকাব্যের কবি (বঙ্গবন্ধুকে উৎসর্গ করা) ইত্যাদি।
