২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কি করলো এইটা শাকিব খান?’

দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে গণমাধ্যমে শাকিব খান-এর সঙ্গে তার বিয়ে এবং সন্তানের জন্মদান প্রসঙ্গে বিস্ফোরক সব তথ্য জানিয়ে এরমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগের মাধ্যমে বইছে ঝড়, সাধারণ মানুষদের মতো তারকারাও এই ঘটনায় ব্যক্ত করছেন তাদের প্রতিক্রিয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 09:03 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

শাকিব খান-এর সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে, বা সন্তানের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করে অভিনেত্রী পূর্ণিমা কেবল সাধুবাদ জানিয়েছেন অপু’র অন্তরাল থেকে জনসমক্ষে ফিরে আসার বিষয়টিকে। তিনি লিখেছেন, “ওয়েলকাম ব্যাক, অপু বিশ্বাস!”

 

ওদিকে এই ঘটনায় নিজের বিস্ময়কে চেপে রাখতে পারেননি বিপাশা হায়াত। শাকিবকে ট্যাগ করে তার স্ট্যাটাস, “কি করলো এইটা শাকিব খান?”

 

অভিনেত্রী মৌসুমী নাগ নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া অপু বিশ্বাস-এর সাক্ষাৎকারের অংশবিশেষ শেয়ার করেন ফেইসবুকে। সেখানে অপু শাকিব দম্পতির ছেলে আব্রাহাম খান জয়কে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “আহারে কী সুন্দর বাচ্চাটা…”

 

অভিনেত্রী লামিয়া মিমো শেয়ার করেছেন অপু বিশ্বাস-এর আপলোড করা শিশু জয়-এর একটি ছবি। শিরোনামে তিনি লিখেছেন, “আব্রাহাম খান জয়! জুনিয়র শাকিব খান… বেশি কিউট… মাশাল্লাহ”।

 

টিভি উপস্থাপিকা ফারহানা নিশো শুরু থেকেই অপু বিশ্বাস-এর সাক্ষাৎকার বিষয়ক নিউজগুলো ফেইসবুকে শেয়ার করে আসছেন। একটি নিউজ শেয়ার করে তিনি লিখেন, “অপু বিশ্বাস… এখন যেহেতু প্রশ্নটি একটি শিশুর (জয়)…তার পুরো অধিকার রয়েছে বাবা-মায়ের স্নেহ পাওয়ার।”

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, ফ্যাশন ডিজাইনার ও গায়ক বিপ্লব সাহাসহ আরও অনেক তারকাই নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করেছেন অপু বিশ্বাস-এর সাক্ষাৎকারের অংশবিশেষ।

সোমবার বিকেলে একটি বেসরকারি চ্যানেলের লাইভে সন্তানসহ উপস্থিত হয়ে অপু বিশ্বাস জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন শাকিব খানকে। ২০১৬ তে সন্তানসম্ভবা হয়ে পড়লে ভারত পাড়ি জমান তিনি, সেপ্টেম্বরে জন্ম নেয় শাকিব-অপুর প্রথম সন্তান আব্রাহাম খান জয়-এর। ওই সাক্ষাৎকারে তিনি এও দাবি করেন, শাকিব খান-এর কেরিয়ারের কথা চিন্তা করেই এতদিন জনসমক্ষে নিজেদের বিয়ের কথা প্রকাশ করেননি তিনি। অপু আরও বলেন, বিগত দশ মাস সন্তানের কারণেই গণমাধ্যম ও বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন তিনি।

শাকিব খান-এর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে অপু বিশ্বাস-এর সঙ্গে তার বিয়ে ও সন্তানের বিষয়টি স্বীকার করেন তিনি। মঙ্গলবার দুপুরে এব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান তিনি।