‘জয়া বচ্চনের ‘সুমন’ দেখে অভিনয় শুরু করি’
আজ অভিনেত্রী জয়া বচ্চনের ৬৯ তম জন্মদিনে তাকে নিয়ে স্মৃতিচারণা করলেন অভিনেত্রী শাবানা আজমি।
শাবানা আজমি ও জয়া বচ্চন দু’জনেই ভারতের পুনে টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্সটিউটের প্রাক্তন ছাত্রী। সাম্প্রতিক সিনেমা ‘জাজবা’ ও ‘নীরজা’ সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন শাবানা আজমি। সম্প্রতি এক টুইট পোস্ট তিনি বললেন- জয়া বচ্চনের অভিনয় দেখেই নাকি চলচ্চিত্রে কাজ করার অণুপ্রেরণা পেয়েছিলেন তিনি।
টুইট পোস্টে জয়া বচ্চনের অল্প বয়েসের একটি ছবি পোস্ট করেন শাবানা। সঙ্গে ক্যাপশন জুড়ে দেন, “শুভ জন্মদিন জয়া বচ্চন। চলচ্চিত্র ইন্সটিটিউটে আপনাকে নিয়ে নির্মিত ‘সুমন’ তথ্যচিত্রটি দেখেই প্রথম ঠিক করি অভিনয় শুরু করবো। আপনার মুখের যে কোমল ও নিষ্পাপ অভিব্যক্তি তার তুলনা নেই!”
১৯৭০ সালে ‘সুমন’ তথ্যচিত্রটি তৈরি করে পুনে ফিল্ম ইন্সটিউটের ছাত্র-ছাত্রীরা। ১৫ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রে উঠে এসেছে জয়া বচ্চনের অভিনয় জীবনের নানা অধ্যায়। ১৯৬৩ সালে বাংলা ছবি ‘মহানগর’ দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জয়া। এরপর ‘গুড্ডি’, ‘চুপকে চুপকে’, বাবুর্চী’ ইত্যাদি জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
১৯৭৪ সালে পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগালের ‘অংকুর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শাবানা আজমির।
