২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে আমিরকে টপকে জাতীয় পুরস্কার পেলেন অক্ষয়

সম্প্রতি প্রকাশিত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘রুস্তম’ ছবির জন্য সেরা অভিনেতার মুকুট জয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের পুরস্কার প্রাপ্তিতে তার ভক্তরা দারুণ খুশি হলেও আমিরকে টপকে অক্ষয়ের পুরস্কার পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। এবারে জাতীয় পুরস্কার কমিটির প্রধান বিচারক জানালেন কি কারণে অক্ষয়কে দেয়া হলো এ সম্মানজনক পুরস্কার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 09:10 PM

Updated : 11 Apr 2022, 11:21 PM

২০১৬’র তিনটি সিনেমাতেই বাজিমাত করেন অক্ষয়। ‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’ ও ‘হাউজফুল-থ্রি’ ব্যবসাসফল হয়েছিলো তিনটি সিনেমাই। তারপরও বড় বড় পুরস্কার আসরে এক রকম উপেক্ষিতই ছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়ে দারুণ খুশি এ তারকা।

কিন্তু ২০১৬-র সবচেয়ে বড় হিট সিনেমা ‘দঙ্গল’-এর জন্য এ পুরস্কারটি পেতে পারতেন আমির খান কিংবা ‘আলীগড়’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য মনোজ বাজপেয়ীও ছিলেন পুরস্কারের দাবীদার। তবে কেন সবাইকে ছাপিয়ে উঠে এলো অক্ষয়ের নাম? পুরস্কার কমিটির প্রধান বিচারক প্রিয়দর্শন-এর কাছের মানুষ হওয়াটাই কি তবে পুরস্কার পাওয়ার মূল কারণ?

সম্প্রতি মুম্বাই মিরর’কে দেয়া এক সাক্ষাতকারে বিষয়টি পরিস্কার কররেন স্বয়ং প্রিয়দর্শন। তিনি বলেন, “আমি ছাড়াও কমিটিতে আরও ৩৮ জন বিচারক ছিলেন। সবার সম্মিলিত সিদ্ধান্তেই এ পুরস্কার তালিকা তৈরি করা হয়েছে। তবে কি আপনারা বলবেন তারা সবাই অক্ষয়ের কাছের মানুষ?”

প্রিয়দর্শন আরও বলেন, “গত বছর এ প্রধান বিচারক ছিলেন রমেশ সিপ্পি। সেবার ‘পিকু’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন অমিতাভ বচ্চন। সবাই জানেন এ দু’জন ভালো বন্ধু। তখন তো কেউ এমন কথা বলেনি। প্রকাশ ঝা যেবারে প্রধান বিচারক ছিলেন সেবারেও অজয় দেবগন পুরস্কার পেয়েছিলেন। সেটি নিয়েও কেউ খারাপ মন্তব্য করেননি। তবে এবার কেন বলা হচ্ছে?”

আমির খান কিংবা মনোজ বাজপেয়ীকে ছাপিয়ে কেন নির্বাচন করা হলো অক্ষয়কে?- এ প্রশ্নে জবাবে প্রিয়দর্শন বলেন, “ আমির-এর ‘দঙ্গল’ কিংবা মনোজ-এর ‘আলীগড়’, কোনোটাতেই সরাসরি সামাজিক সমস্যার কথা বলা হয়নি। তাই ‘রুস্তম’ এবং ‘এয়ারলিফ্ট’কেই আমরা প্রাধান্য দিয়েছি। আর আমির খান বলেছেন তাকে পুরস্কার দেওয়া হলেও তা সশরীরে গ্রহণ করতে তিনি কোনো পুরস্কার আসরে যাবেন না। তবে তার জন্য অন্য তারকাদের কেন বঞ্চিত করা হবে?” 

চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শনের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অক্ষয়। ‘হেরাফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়্যা’ সহ নির্মাতার বেশ কিছু দর্শকপ্রিয় ছবিতে দেখা গেছে অক্ষয়কে।