বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করতে চেয়েছিলেন আশা পারেখ!
ষাটের দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী আশা পারেখ বলেছেন, একসময় বিষণ্ণতায় ভুগে আত্মহত্যা করতে চাইতেন তিনি।
পঞ্চাশের দশকের শেষ থেকে সত্তরের শরু পর্যন্ত হিন্দি সিনেমার পর্দা শাসন করেছেন আশা পারেখ। অভিনয় করেছেন শাম্মী কাপুর, দেব আনন্দ, রাজেন্দ্র কুমার এবং রাজেশ খান্নাদের মতো বড় বড় তারকার সঙ্গে। খ্যাতি এবং সম্মান অর্জনের পাশাপাশি আরোহণ করেছেন কেরিয়ারের চূড়াতেও। কিন্তু উপরে ওঠার পথটা ছিল দারুণ একাকিত্বের, সম্প্রতি এমনটাই তিনি জানিয়েছেন নিজের আত্মজীবনী ‘দ্য হিট গার্ল’-এ।
এ ব্যাপারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আশা বলেন, “এটা ছিল খুবই খারাপ এক সময়। আমি আমার অভিভাবকদের হারাই। আমি ছিলাম একদম একা আর সবকিছু আমাকেই সামলাতে হতো। এটা আমাকে বিষণ্নতায় ডুবিয়ে দেয়। আমার কিছু ভালো লাগতো না আর আত্মহত্যার চিন্তা মাথায় আসতো। তবে এরপর আমি এটা থেকে বের হয়ে আসি। এটা এক কঠিন লড়াই ছিল। আমাকে চিকিৎসকদের সহায়তায় সুস্থ হতে হয়েছে।”
তিনি বলেন, তারকাদের অনেক ভক্ত থাকা সত্ত্বেও একাকিত্ব তাদের গ্রাস করে সবচেয়ে ভয়ঙ্করভাবে।
“এটা সত্যিই একাকিত্বের। সবার উপরে আপনি সবসময়ই একা। আমি ভাগ্যবতী ছিলাম যে আমার অসাধারণ বাবা-মা ছিলেন। আমার মা ছিলেন আমার কেরিয়ার ও জীবনের মেরুদণ্ড। তাই তার চলে যাওয়াটা আমাকে বিষণ্নতার দিকে ঠেলে দেয়,” বলেন তিনি।
ষোল বছর বয়সে আশা পারেখ তার প্রথম সিনেমায় কাজ করতে গিয়ে প্রত্যাখ্যাত হন। কিন্তু তারপরেই নাসির হুসেইন এবং সুবোধ মুখার্জীর হাত ধরে তার অভিষেক ঘটে ‘দিল দেকে দেখো’ সিনেমায়। এতে তিনি অভিনয় করেছিলেন শাম্মী কাপুর-এর বিপরীতে।
সেসব দিনের কথা মনে করে তিনি বলেন, “প্রত্যাখ্যাত হওয়ার পরও যখন প্রথম সিনেমা ‘দিল দেকে দেখো’ বক্স অফিসে হিট হলো, তখন বুঝতে পেরেছিলাম তারকা হয়ে উঠেছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল।”
এরপর আশা পারেখ একে একে অভিনয় করেছেন ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘ফির উওহি দিল লায়া হু’, ‘তিসরি মঞ্জিল’, ‘বাহারো কে সপ্নে’, ‘কাটি পতং’, ‘ক্যারাভান’ এবং ‘পেয়ার কা মৌসম’-এর মতো জনপ্রিয় সিনেমায়।
৭৪ বছর বয়সী এই অভিনেত্রীর আত্মজীবনী প্রকাশ পাবে ১০ এপ্রিল। বইটির মুখবন্ধ লিখেছেন সালমান খান।
