২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র দিবসে শাকিব খানের ‘রাজনীতি’

এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে দেখা যায়নি ঢালিউড কিং শাকিব খানকে। তবে একেবারেই যে অনুপস্থিত ছিলেন তিনি এমনও নয়। এদিন উন্মুক্ত হলো তার অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি ‘রাজনীতি’ চলচ্চিত্রের পোষ্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 07:48 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

নির্মাণের প্রায় বছর পেরুনোর পর উন্মুক্ত হলো শাকিব-খান অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবির পোস্টার। পুরান ঢাকার যুবক শাকিব খান পোস্টারে হাজির হয়েছেন হাত উঁচিয়ে রাজনীতিকের ভঙ্গিতেই।

জাতীয় চলচ্চিত্র দিবসের দুপুরে এফডিসিতে পোস্টারটি উন্মোচন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, এমপি। আরও ছিলেন নায়করাজ রাজ্জাক, চিত্রনায়ক জাভেদ, চিত্রনায়ক অমিত হাসান প্রমুখ।

চলচ্চিত্র দিবসের আয়োজনে শাকিব খানের অনুপস্থিতি নিয়ে সমালোচনা হলেও পোস্টারে তার উপস্থিতি যেন কিছুটা হলেও তার অনুপস্থিতিকে ম্লান করে। জানা যায়, চলচ্চিত্রের শুটিংয়ে শাকিব খান এখন কলকাতায়।

চলচ্চিত্রটির মধ্যদিয়ে দর্শকরা শাকিব-অপু জুটিকে দীর্ঘদিন পর বড়পর্দায় দেখতে পাবেন। নির্মাতা জানান, বছরের শেষ দিকে চলচচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি। চলচ্চিত্রটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।