ক্লাসরুমে মঞ্চস্থ হলো লাকীর দুই নাটক
গত ১৪ মার্চ থেকে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠায় চলছে পাঠ্য বইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’।
নাট্যজন লিয়াকত আলী লাকী’র পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পিপল্স লিটল থিয়েটারের দুটি নাটক। লিয়াকত আলী লাকী’র নির্দেশনায় বিজয় তেন্ডুলকর রচিত ‘ববি এবং একটি চেয়ারের আত্মকাহিনি’, ও লোক নাট্যদলের প্রযোজনা সুকুমার রায় রচিত ‘অবাক জলপান’ নাটক দুটি পরিবেশিত হয়।
বিগত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের প্রায় ২৫০টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত।
১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতোমধ্যে ৫টি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করে। দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিশেষ করে শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
