ঢাকার প্রেক্ষাগৃহে বনি-কৌশানী’র ‘তোমাকে চাই’
শুক্রবার ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘তোমাকে চাই’। সাফটা চুক্তির আওতায় সাফটাভুক্ত দেশগুলোর মধ্যকার সিনেমা বিনিময়ের আওতায় ভারতে ‘রাজাবাবু’ সিনেমাটি মুক্তির বিপরীতে বাংলাদেশে মুক্তি পেলো এই সিনেমাটি।
সাফটা চুক্তির আওতায় এর আগে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতের ‘ওয়ান্টেড’, ‘বেলাশেষে’ ‘বেপরোয়া’, ‘অভিমান’, ‘কেলোরকীর্তি’ ইত্যাদি বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিলো। এবার সেই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো পশ্চিমবঙ্গের সিনেমা ‘তোমাকে চাই’।
‘তোমাকে চাই’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব কুমার। আর সিনেমাটি প্রযোজনা করেছেন কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস।
‘তোমাকে চাই’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে তিতাস কথাচিত্র। এ প্রসঙ্গে তিতাস কথাচিত্রের কর্ণধার মোহাম্মদ আবুল কামাল গ্লিটজকে বলেন, “আজ সারাদেশের ৫০টি প্রেক্ষাগৃহে আমরা ‘তোমাকে চাই’ সিনেমাটি মুক্তি দিয়েছি। যার মধ্যে ঢাকার বলাকা, মধুমিতা, শ্যামলী সিনেপ্লেক্স, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারের মত ভালো ভালো প্রেক্ষাগৃহগুলো রয়েছে। আশাকরি প্রেক্ষাগৃহে গিয়ে সকল শ্রেনির দর্শক সিনেমাটি উপভোগ করবেন।”
অন্যদিকে বাংলাদেশে ‘তোমাকে চাই’ সিনেমার মুক্তির বিপরীতে সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ সিনেমাটি। এই সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি। ভারতে সিনেমাটির পরিবেশনায় রয়েছে অজয় এন্টারপ্রাইজ।
