গুলশান কুমারের চরিত্রে অক্ষয় কুমার
ভারতের অন্যতম রেকর্ডিং প্রতিষ্ঠান টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমার-এর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা ‘মোগুল’। এতে প্রধান চরিত্রে থাকছেন অক্ষয় কুমার।
বুধবার সিনেমাটির ফার্স্ট লুক নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন অক্ষয়। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেন, “তার সঙ্গে আমার সম্পৃক্ততার শুরু আমার প্রথম সিনেমা দিয়েই। সংগীতের সম্রাট ছিলেন তিনি, এবার জানুন তার গল্প- মোগুল: দ্য গুলশান কুমার স্টোরি।”
এছাড়াও এক বিবৃতিতে এই তারকা বলেন, “আমার সৌভাগ্য হয়েছিল আমার প্রথম সিনেমা ‘সুগন্ধ’ থেকেই গুলশানজীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার। আমাদের মধ্যে অনেক মিল ছিল এবং একই ধরণের পরিবার থেকে আমরা উঠে এসেছি।”
সিনেমাটির পরিচালক সুভাষ কাপুর একে অভিহিত করেছেন ‘স্বপ্নপূরণ’ হিসেবে, “বিক্রম মালহোত্রা যখন এই সিনেমার বুদ্ধি আমাকে দেন, আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি সবসময় আমার সহকর্মীদের বলেছি, যে সিনেমা তৈরির স্বপ্ন আমার সবসময় ছিল, তা হলো গুলশানজীর জীবন নিয়ে।”
এ ব্যাপারে তিনি বলেন, “বাবা আমার জীবন জুড়েই বিরাট এক চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। আমি সবসময়ই জানতাম, একদিন আমি ‘মোগুল’ তৈরি করবো এবং আমার বাবার অসাধারণ জীবন কাহিনি গোটা বিশ্বকে জানাবো।”
তিনি আরও বলেন, “আমি আরও খুশি কারণ আমার মা সুদেশ কুমারী এই সিনেমার প্রযোজক। আর অক্ষয় ছাড়া এই সিনেমা অভিনয়ের জন্য আর কারও কথা আমি ভাবতেও পারিনা।”
দিল্লির দরিয়াগঞ্জের এক সাধারণ ফলের রস বিক্রেতার ছেলে থেকে মুম্বাইয়ের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে নিজেকে পরিণত করেছিলেন গুলশান কুমার। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় তাকে। এই হত্যাকাণ্ডের হোতা হিসেবে নাদিম-শ্রাবণ সুরকার জুটির নাদিমকে সন্দেহ করেছিল পুলিশ। পরে ২০০১ সালে বিনোদ জগদীপ নামের এক ব্যক্তি গুলশান কুমারের খুনি হিসেবে দোষ স্বীকার করেন।
