আকিরা কুরোসাওয়ার চিত্রনাট্য থেকে নির্মিত হবে চীনা ছবি!
প্রয়াত জাপানি নির্মাতা আকিরা কুরোসাওয়ার একটি চিত্রনাট্য থেকে নতুন সিনমা তৈরির ঘোষণা দিয়েছে চীনা দুই প্রযোজনা প্রতিষ্ঠান।
হিন্দুস্তান টাইমস বলছে, হুয়েই ব্রাদার্স এবং সিকেএফ স্টুডিও কুরোসাওয়ার ‘দ্য মাস্ক অফ ব্ল্যাক ডেথ’ নামের চিত্রনাট্য থেকে সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
সিকেএফ স্টুডিওর প্রতিষ্ঠাতা চেন কু-ফো বলেছেন, “ ‘মাস্ক’ হলো কুরোসাওয়ার সেই চিত্রনাট্য যেটা কখনো আলোর মুখ দেখেনি। আমরা ভাবলাম, তার হয়ে আমরাই কেন ছবিটি তৈরি করছি না?”
জাপানের অন্যতম বিখ্যাত নির্মাতা কুরোসাওয়া তার ৫৭ বছরের ক্যারিয়ারে তৈরি করেছেন ৩০ টি সিনেমা। ১৯৯৮ সালে মারা যাওয়ার আগে তার সর্বশেষ লেখা চিত্রনাট্য ছিল এটি। এডগার অ্যালেন পো’র ছোটগল্প ‘দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ’ অবলম্বনে চিত্রনাট্যটি লিখেছিলেন তিনি।
সিনেমার গল্পের পটভূমি প্লেগ কবলিত রাশিয়াকে নিয়ে, যখন এই মহামারিতে হাজার হাজার প্রাণের মৃত্যু ঘটলেও কোনো পদক্ষেপ না নিয়ে দেশটির যুবরাজ রাজপ্রাসাদে নিজেকে বন্দি করে রেখেছিল।
