২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাতব্য কাজে র‌্যাম্পে হাঁটলেন শাহরুখ-আনুশকা

মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি নামের এক দাতব্য সংস্থা আয়োজিত ফ্যাশন শোতে র‌্যাম্পে হাঁটলেন অভিনেতা শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 08:06 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

মনীশ মালহোত্রার নকশা করা পোশাকে এদিন শাহরুখ-এর পাশাপাশি র‌্যাম্পে হাঁটেন আনুশকা শর্মাও। দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। আনুশকা পরেছিলেন সাদা লেহেঙ্গা ও রুপালি চোলি। শাহরুখ-এর পরনে ছিল কালো-সাদা কুর্তা ও কলিদার পাজামা।

অনুষ্ঠানটি শুরু হয় জাভেদ আখতার-এর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী শাবানা আজমি। অতিথি হিসেবে এসেছিলেন শ্রীদেবী, কাজল, সুস্মিতা সেন, ফারাহ খান, কঙ্কণা সেন শর্মা, হুমা কুরেশি, ডায়ানা পেন্টি সহ বলিউডের অনেকেই।

প্রতিবছরই মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি ভারতের গ্রামীণ নারীদের সহায়তায় তাদের হাতের কাজে তৈরি পোশাকের ফ্যাশন শো করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার মনীশ মালহোত্রার নকশায় ফ্যাশন শোটিতে উপস্থাপন করা হয়েছে মিজওয়ান-এর নারীদের চিকনকারি কাজের পোশাকের সমাহার।

উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম মিজওয়ান, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শাবানা আজমির বাবা ও প্রখ্যাত উর্দু কবি কাইফি আজমি। নিজের গ্রামের উন্নয়নের জন্য মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির গোড়াপত্তন করেন তিনিই। এখন অলাভজনক এই প্রতিষ্ঠানটির হাল ধরেছেন তার মেয়ে শাবানা এবং তার ধর্মকণ্যা নম্রতা গোয়েল। এই প্রতিষ্ঠানটি মিজওয়ান গ্রামে কাইফি আজমির নামে প্রতিষ্ঠা করেছে মেয়েদের একটি স্কুল, একটি কলেজ একটি প্রযুক্তি-শিক্ষার প্রতিষ্ঠান এবং একটি কারুশিল্প সমিতি।

ছবি: মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির ফেইসবুক পেইজ থেকে নেওয়া