স্বাধীন বাংলা বেতারের গানে জয় বাংলা কনসার্ট
ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। এতে অংশগ্রহণকারী দলগুলো গাইবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আগুনঝরা গানগুলো।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চেএন্ড ইনফর্মেশন (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম। কনসার্ট মাতাবে ব্যান্ড স্পন্দন ৭২, ওয়ারফেইজ, চিরকুট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য। নিজেদের গান ছাড়াও এবারের কনসার্টে ব্যান্ডদলগুলো গাইবে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের গানগুলো। এরমধ্যে স্পন্দন ৭২ ‘জয় বাংলা বাংলার জয়’, ক্রিপটিকফেট ‘মুক্তির একি পথ সংগ্রাম’, আর্বোভাইরাস ‘ওরে শোন রে তোরা শোন’, শূন্য ‘আজ রণ সাজে’, চিরকুট ‘নোঙর তোলো তোলো’, নেমেসিস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, লালন ‘রক্ত চাই’, শিরোনামহীন ‘জন্ম আমার ধন্য হলো’ এবং ওয়ারফেইজ ‘বিজয় নিশান’ গানগুলো গাইবে।
এছাড়া প্রত্যেকটি দলই তাদের পরিবেশনায় দেশাত্মবোধক ফিউশান রাখবে। এরপর তারা তাদের মৌলিক গানগুলো গাইবে।
আয়োজকরা জানান, এবার ৬০ হাজারের বেশি তরুণ-তরুণী এই আয়োজন সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে এটি সরাসরি দেখা যাবে।
কনসার্টের পাশাপাশি দেশের তরুণ সমাজকে সংগঠিত করতে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ইয়ং বাংলা। এরমধ্যে একটি হলো 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। ২০১৫ সাল থেকে ইয়ং বাংলার সঙ্গে সম্পৃক্ত তরুণ-তরুণীদের দেশের প্রতি কাজের ভিত্তিতে প্রদান করা হচ্ছে এই পুরস্কার। এবারও এই পুরস্কার তুলে দেওয়া হবে। এছাড়া তরুণদের সচেতন করতে বেশ কিছু আয়োজন থাকছে এ কনসার্টে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি স্মরণে বিগত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
