২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লিটজ আড্ডায় পরমব্রত

মুক্তিযোদ্ধার চরিত্রে বাংলাদেশের বড়পর্দায় অভিষেক ঘটছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। ফখরুল আরেফিন নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ সারাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। তার আগে বৃহস্পতিবার দুপুরে গ্লিটজের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সিনেমাটির দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মাজনুন মিজান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

‘কাহানী’, ‘বাইশে শ্রাবণ’ কিংবা ‘হেমলক সোসাইটি’সহ সাড়া জাগানো বেশ কিছু চলচ্চিত্রের মাধ্যমে যে মুখটি দুই বাংলাতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি পরমব্রত চট্টোপাধ্যায়। দেশি চলচ্চিত্রের হাওয়া বদলের পালায় এবার তিনি অভিনয় করছেন বাংলাদেশেও। এরই মধ্যে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বাংলাদেশের বড়পর্দায় তার অভিষেক ঘটছে এক মুক্তিযোদ্ধার চরিত্রে, ‘ভুবন মাঝি’র মাধ্যমে।

চলচ্চিত্রটির প্রচারণায় পরম এখন ঢাকায়। বুধবার ঢাকায় এসেই অংশ নেন চলচ্চিত্রটির প্রিমিয়ারে। আর বৃহস্পতিবার দুপুরে হাজির হন বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকম কার্যালয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর বিনোদন বিভাগ গ্লিটজের সঙ্গে বসে যান এক আড্ডায়। গল্পে আর আলাপে উঠে আসে মুক্তিযুদ্ধ নিয়ে পরমব্রত’র আবেগ, চলচ্চিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও দুই বাংলার চলচ্চিত্রের নানা সংকটের বিষয়গুলো।

আড্ডায় পরমব্রত বলেন, “মুক্তিযুদ্ধ ৭১ সালেই শেষ হয়ে যায়নি। যে স্বপ্ন ও আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো তার বাস্তবায়ন করাটাই বড় যুদ্ধ। যে যুদ্ধটা প্রতিনিয়ত সমস্ত বাঙালিদের চালিয়ে যেতে হবে। সে কথাই‘ভুবন মাঝি’ বলে।”

চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের মৌলবাদ ও জঙ্গিবাদের বর্তমান চিত্রও ফুটে উঠেছে। আড্ডাতে উঠে আসে বিশ্বব্যাপী মৌলবাদের প্রভাববিস্তারের  প্রসঙ্গও।

Image
গ্লিটজ টিমের সঙ্গে পরমব্রত

গ্লিটজ টিমের সঙ্গে পরমব্রত

এ প্রসঙ্গে পরমব্রত বলেন, “মৌলবাদ বা জঙ্গিবাদ- যাই বলিনা কেন, এর রূপ বিভিন্নদেশে বিভিন্নভাবে দেখা যাচ্ছে। সেটা যেমন মিডলইস্ট এ দেখতে পাচ্ছি, আইএসএস- এর মাধ্যমে দেখতে পাচ্ছি, তেমনি ভারতবর্ষে কিছু অতি ডান এবং গেরুয়া সংগঠনের মধ্যেও তেমন মৌলবাদী চরিত্রে দেখতে পাচ্ছি। আনফরচুনেটলি সরকারে যারা আছেন তাদের সঙ্গে সরাসরি না হলেও অতি ডান বা গেরুয়া সংগঠনগুলো যুক্ত। এটা খুব একটা ভয়ের কারণ আমাদের কাছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তেমনি সারাবিশ্বের সো কল্ড ক্ষমতাধর বলে যাদের বলা হয় তাদের প্রেসিডেন্টকেও আমার মৌলবাদী ছাড়া কিছু মনে হয় না।”

তিনি আরও বলেন, “শিল্পী হিসেবে মৌলবাদের বিরূদ্ধে আমাদের লড়াই নিরন্তর ও নিরলস।”

পরমব্রতর সঙ্গে গ্লিটজের এ কথপোকথনটি প্রকাশিত হবে শুক্রবার চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ মুক্তির দিনে।

 

আড্ডা ও ফটোসেশান শেষে মধ্যাহ্নভোজনে উঠে আসে পরম-এর মুখে ইলিশ মাছের প্রশংসা। ফেরার আগে পরমব্রতর হাতে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড থেকে সদ্য প্রকাশিত চিত্রনায়িকা কবরীর আত্মজীবনী ‘স্মৃতিটুকু থাক’ তুলে দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর গাজী নাসিরুদ্দিন খোকন।

‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন অপর্ণা ঘোষ। সারাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।