২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া ভাটকে হত্যার হুমকি দিলো দুর্বৃত্তরা

সম্প্রতি প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের কাছে ৫০ লক্ষ রূপি দাবি করেছে দুর্বৃত্তরা। দাবি না মানা হলে মেয়ে আলিয়া ভাট ও স্ত্রী সোনি রাজদানকে খুন করার হুমকি দেয় তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 06:32 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে মহেশ ভাটের কাছে। ফোনে তাকে বলা হয়, লক্ষ্ণৌর একটি ব্যাংক অ্যাকাউন্টে ৫০ লক্ষ রুপি জমা দিতে। তা না হলে স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়া ভাটকে গুলি করে হত্যা করবে তারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

সম্প্রতি এক টুইট পোস্টে মহেশ ভাট লিখেছেন, “হঠাৎ করে একটি অনাকাঙ্খিত কল আসে আমার ফোনে। আমার কাছে বিপুল অঙ্কের অর্থ চাওয়া হয়েছে এবং তা না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। তবে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ তারা আমার সাহায্যে এগিয়ে এসেছে।”

২৬ ফেব্রুয়ারি মোবাইল ফোনে প্রথম হুমকি পান বলে জানান মহেশ ভাট। এর আগে ২০১৪ সালে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছিলো নামকরা এই পরিচালক ও প্রযোজককে।