২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেল ‘সরকার থ্রি’র ট্রেইলার

বলিউডের ‘গডফাদার’ সিরিজ হিসেবে খ্যাত ‘সরকার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘সরকার থ্রি’র ট্রেইলার প্রকাশিত হলো বুধবার বিকেলে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 09:37 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

আরও একবার রাম গোপাল ভার্মার নির্দেশনায় অপরাধ জগতের হর্তাকর্তা সুভাষ নাগড়ের চরিত্রে ফিরলেন অমিতাভ বচ্চন। দুই পুত্র বিষ্ণু (কে কে মেনন) ও শঙ্কর-এর (অভিষেক বচ্চন) মৃত্যুর পর ভেঙে না পড়ে প্রতিশোধের শক্তিতে যেন আরও বলীয়ান হয়েছেন তিনি। আর তাইতো ৩৫ বছর ধরে সরাসরি কাউকে হত্যা না করলেও, এবার নিজ হাতেই শত্রুকে নিধনের জন্য প্রস্তুত তিনি।

নতুন ট্রেইলারে সিনেমার নতুন চার চরিত্রের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। সুভাষ-এর নাতি শিবাজীকে (অমিত সাধ) দেখা যায়, যে দাদার মতো ঠান্ডা মাথার খেলোয়াড় নয় একেবারেই। ক্রোধে প্রমত্ত শিবাজী দাদা এবং বাবার ছায়া থেকে বেরিয়ে নিজেই নিজের পরিচয় গড়তে উদ্যত।

আরও দেখানো হয়েছে মাইকেল ভালিয়া নামের আরেক মাফিয়া বসকে, যার চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। ইয়ামি গৌতম অভিনয় করেছেন অনু নামের এক তরুণীর চরিত্রে, যে সরকারকে প্রতারিত করার দুঃসাহস রাখে। আরও আছেন মনোজ বাজপেয়ি, গোবিন্দ দেশপাণ্ডে নামের এক বিপ্লবীর ভূমিকায়।

‘সরকার থ্রি’র মাধ্যমে অমিতাভ বচ্চন রাম গোপাল ভার্মার সঙ্গে কাজ করলেন ষষ্ঠবারের মতো। সিনেমাটি মুক্তি পাবে ৭ এপ্রিল।