অস্কারে নাম বিভ্রাট: দায়ি এমা স্টোনের ছবি?
অস্কার ইতিহাসের সবচেয়ে বড় অঘটন কেন ঘটেছে, এ নিয়ে অনেক জলঘোলা হলেও, আসলে এর পেছনে এমা স্টোন-এর একটি ছবিই দায়ি- এমনটাই বলছেন অনেকে!
অস্কারের ভোট গণনার দায়িত্বে থাকা ফার্ম পিডব্লিউসি’র (প্রাইস ওয়াটার হাউজকুপার) কর্মী ব্রায়ান কালিনান-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যখন ওয়ারেন বেটি এবং ফে ডনাওয়ের হাতে সেরা চলচ্চিত্রের খামটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল তার, তখন নাকি সেরা অভিনেত্রীর অস্কারজয়ী এমা স্টোনের মঞ্চের পেছনের একটি ছবি টুইটারে পোস্ট করতে ব্যস্ত ছিলেন তিনি!
ওই ছবির শিরোনামে তিনি লিখেছিলেন ‘সেরা অভিনেত্রী এমা স্টোন, পেছন মঞ্চে’। ওই টুইট যদিও পরে মুছে ফেলেন কালিনান, কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে!
অস্কারের সবচেয়ে বড় পুরস্কার, সেরা চলচ্চিত্রের নাম ঘোষনা করার জন্য মঞ্চে উঠে ওয়ারেন বেটি ও ফে ডনাওয়ে আবিস্কার করেন, তাদের হাতে দেওয়া খামে লেখা আছে, ‘এমা স্টোন : লা লা ল্যান্ড’। কী করবেন বুঝে উঠতে না পেরে ‘লা লা ল্যান্ড’-এর নামটিই ঘোষণা করেন ফে ডনাওয়ে। মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে নিজেদের বক্তব্যও দিতে শুরু করেন ‘লা লা ল্যান্ড’-এর প্রযোজকেরা। কিছুক্ষণ পর জানা যায়, সত্যিকারের বিজয়ী ব্যারি জেনকিন্স-এর ‘মুনলাইট’।
এদিকে বিভ্রাটের এই ঘটনাটির সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়ায় খুবই বিব্রত বোধ করছেন এমা স্টোন।
ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে বলেছেন, “এটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনাগুলোর একটি। ওয়াও! ব্যাপারটা খুবই জঘন্য ছিল।”
