‘আনারকলি অফ আরাহ’ সিনেমার দৃশ্য ফাঁস
স্বরা ভাস্কর অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা ‘আনারকলি অফ আরাহ’ সিনেমাটির বেশকিছু গুরুত্বপূর্ণ দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন এর প্রযোজকেরা।
মুম্বাইযের মালভিয়া নগর থানায় করা ওই মামলার অভিযোগপত্রে নির্মাতাদের তরফ থেকে বলা হয়েছে, “ডিজিটাল এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ফাঁস হয়েছে বলে আমরা সন্দেহ করছি। প্রায় তিন দিন ধরে এগুলো অনলাইনে ভেসে বেড়াচ্ছে। এটা একটা অপরাধমূলক কাজ এবং এটা করা হয়েছে যাতে অর্থ লগ্নিকারীরা ৬ কোটি রুপির ক্ষতির সম্মুক্ষীণ হয়।”
মামলায় অবশ্য নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করা হয়নি।
এব্যাপারে সিনেমাটির প্রযোজক সন্দীপ কাপুর বলেন, “আমরা নিশ্চিত নই কারা এই দৃশ্যগুলো ফাঁস করেছে, তবে আমাদের দলের খুবই জ্যেষ্ঠ কোনো কর্মী এটা করেছেন। এটা সিনেমার কোনো অভিনেতা, কিংবা পরিচালকও হতে পারে।”
‘আনারকলি অফ আরাহ’ সিনেমাটির গল্প বিহারের এক গায়িকাকে নিয়ে, যে যৌন উসকানি মূলক গান গায়। একদিন এক প্রভাবশালী ব্যক্তির দ্বারা যৌন নিগ্রহের শিকার হলে সে ঘটনাটি চেপে না গিয়ে রুখে দাঁড়ায়।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্বরা ভাস্কর। ২৪ মার্চ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
