অস্কার-কটাক্ষের কী জবাব দিলেন ট্রাম্প?
অন্যান্য পুরস্কার আসরের মতো অস্কারেও কটাক্ষ ও বিদ্রুপের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একদিনেই এই কটাক্ষের জবাব দিলেন তিনি!
অভিবাসন নীতি ও মেরিল স্ট্রিপকে ‘অতিমুল্যায়িত’ ও ‘অণুপ্রেরণাহীন’ অভিনেত্রী বলার জবাবে অস্কার আসরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন উপস্থাপক জিমি কিমেল। নাম উল্লেখ না করে প্রেসিডেন্টকে করা এ কটাক্ষ ও বিদ্রুপের জবাব দিতে দেরি করলেন না ট্রাম্প!
সম্প্রতি ব্রেইটবার্ট ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, “এবারের অস্কার আসর নানা অসঙ্গতি ও ভুলে পরিপূর্ণ ছিলো কারণ তারা অনুষ্ঠান আয়োজনের চেয়ে রাজনীতির দিকে বেশি খেয়াল রেখেছে!”
ট্রাম্প আরও বলেন, “এবারের অস্কার আমার কাছে যথেষ্ট আকর্ষণীয় মনে হয়নি। বিশেষ করে শেষে এসে যে ‘অনাকাঙ্খিত ভুল’টি ঘটেছে এটি প্রমাণ করে তারা অনুষ্ঠানের চেয়ে রাজনীতি চর্চায় বেশি ব্যস্ত ছিলো। এ ঘটনাটি অস্কারের জৌলুস অনেকটাই কমিয়ে দিয়েছে।”
অস্কার আসরে সেরা মোশন পিকচার বিভাগে ‘মুনলাইট’এর বদলে ‘লা লা ল্যান্ড’-এর নাম ঘোষণা করা হয়। এছাড়াও ‘ইন মেমোরিয়াম’ বিভাগে প্রয়াত কস্টিউম ডিজাইনার জ্যানেট প্যাটোরসনের বদলে অস্ট্রেলিয়ান প্রযোজক জ্যান চ্যাম্পম্যনের নাম বলা হয়েছে। দুটি ঘটনার জন্যই আনুষ্ঠানিকভাবে দু:খ প্রকাশ করেছে অস্কার কমিটি।
