২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের চোখে ‘ভালোবাসা দিবস’

তারকাদের চোখে ভালোবাসা দিবস আসলে কী? ভালোবাসা প্রকাশের জন্য এই বিশেষ দিবসটিকে তারা কীভাবে মূল্যায়ন করেন সেই প্রশ্নটিই পাঁচজন তারকার কাছে রেখেছিলো গ্লিটজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানজিল আহমেদ জনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 08:25 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

প্রিয়জনকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করেন ‘পোড়ামন’খ্যাত চিত্রনায়ক সাইমন সাদিক।

গ্লিটজকে তিনি বলেন, “ভালোবাসা দিবসকে আলাদাভাবে উদযাপনের কোনো প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় না। ভালোবাসা দিবস আমাদের সংস্কৃতির অংশ নয় বরং বহুদিন ধরে পশ্চিমা সংস্কৃতির এই উৎসবটা আমাদের দেশে পালিত হয়ে আসছে।”

তিনি আরও বলেন,“আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রিয়জনকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। বছরের শুধুমাত্র একটি দিনই যদি আমরা ভালোবাসি তাহলে বছরের বাকি দিনগুলোতে কি আমরা প্রিয়জনকে ভালোবাসি না? নিশ্চয়ই তা নয়। আমার কাছে প্রিয়জনের জন্য ভালোবাসা প্রতিদিনের প্রতিটি মুহূর্তের।”

অন্যদিকে ভালোবাসা দিবস উদযাপনের চেয়ে পহেলা ফাল্গুনকে বেশি প্রাধান্য দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।

গ্লিটজকে তিনি বলেন,“আসলে ভালোবাসার জন্য কি কোনো বিশেষ দিবস থাকতে পারে? আমার কাছে ভালোবাসা দিবসটাকে বছরের অন্যান্য দিনের মতই লাগে। আমার কাছে এই দিবসের কোনো বিশেষ ব্যাখ্যা নেই। বরং তার চেয়ে আমার কাছে পহেলা ফাল্গুন খুব বেশি পছন্দের। কারন পহেলা ফাল্গুন হচ্ছে আমাদের দেশীয় উৎসব। তাছাড়া কেন যেন আমি ভালোবাসা দিবসের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকের জীবনে ভালোবাসা দিবস থাকা উচিত। যারা দিবস পালন করার তারা পালন করবেন।”

অন্যদিকে তরুণ প্রজন্ম ভালোবাসা দিবসটাকে বেশি প্রদর্শণ করে বলে অভিমত দিলেন ‘অচেনা হৃদয়’খ্যাত চিত্রনায়ক এবিএম সুমন।

গ্লিটজকে তিনি বলেন,“আমার কাছে ভালোবাসা দিবসের কোনো বিশেষ তাৎপর্য নেই। এখনকার প্রজন্মের ছেলেমেয়েগুলোর সবকিছুতে দেখানোর একটা মানসিকতা কাজ করে।তাদের জীবনের সবকিছু দেখিয়ে বেড়ানোর জন্য একটি বিশেষ দিবসের প্রয়োজন পড়ে, একটি বিশেষ ক্ষণের প্রয়োজন পড়ে।”

তিনি আরো বলেন,“এখনকার সময়ে দেখি প্যারেন্টস ডে, মাদার ডে -ইত্যাদি দিবসগুলো পালন করে। আমার কাছে পরিবারের প্রাধান্য সবচেয়ে বেশি। আমাদের দেশে এখনও যৌথপরিবারের প্রথা রয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে ছেলেমেয়েরা বাবা-মায়ের কাছ থেকে আলাদা থাকে। তারা বছরের পর বছর বাবা-মাকে দেখতে পারে না। তাই একটি বিশেষ দিনে তারা উপহার কিনে বাবা-মায়ের সঙ্গে দেখা করে। ফলে তাদের জন্য প্যারেন্টস ডে, ম্যাদার ডে ইত্যাদির মত দিবসগুলোর প্রয়োজন পড়ে। কিন্তু আমি তো আমার মাকে ভালোবাসি।আমার জন্য মা দিবস তো প্রতিদিন। আবার আমি যাকে ভালোবাসি সে আমাকে প্রতিদিনই ভালোবাসে। তাই এমন বিশেষ দিবস কেন প্রয়োজন পড়বে?” অন্যদিকে ভালোবাসা দিবসে জীবনে প্রিয়জন না থাকার গল্পই তুলে ধরলেন ‘আশিকি’খ্যাত চিত্রনায়িকা নুসরাতফারিয়া।

গ্লিটজকে তিনি বলেন,“ আমার কাছে ভালোবাসা দিবস খুবই স্পেশাল তবে যদি জীবনে ভালোবাসার মানুষ থাকে। কিন্তু আমার ভালোবাসা দিবসে আমার জীবনে কখনও কোনো ভালোবাসার মানুষ ছিল না। তবে আমি মনে করি যেখানে শান্তি সেখানেই ভালোবাসা। সেই শান্তি মানুষের সর্ম্পক কিংবা কাজ যেখানেই হোক। আমার কাছে ভালোবাসা মানেই শান্তি।”

তবে নিজের জীবনে ভালোবাসা দিবস অন্যভাবে উদযাপনের গল্প শুনালেন সঙ্গীত শিল্পী মিনার রহমান। গ্লিটজকে তিনি বলেন,“আমার ব্যক্তি জীবনের কথা যদি বলি তাহলে প্রতিটি ভালোবাসা দিবসে আমার শো থাকে। আমার প্রথম অ্যালবাম যখন প্রকাশিত হয় তখন আমার বয়স ছিলো ষোলো। ফলে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসগুলো সবসময় আমাকে শোগুলোতে অংশগ্রহন করতে হয়েছে। ফলে আমার ব্যক্তিগতভাবে ভালোবাসা দিবসের কোনো অভিজ্ঞতা নেই।”

তিনি আরও বলেন,“ভালোবাসা দিবস সম্পর্কে আমার কাছে মনে হয় যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী তাদের জন্য আলাদা করে ভালোবাসা দিবসের তেমন কোনো দরকারনেই। আমার কাছে মনে হয় ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাসটাই মুখ্য। তবে ভালোবাসা দিবস যেহেতু সর্বজনীন সেহেতু এই দিন ভালোবাসার মুহূর্তগুলো আরওএকটু স্পেশাল করে তোলা যায়।”