২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে একই মঞ্চে দুই দেশের তারকারা!

ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিকেল তিনটা থেকে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 09:36 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

কনসার্টে থাকছে বাংলাদেশ ও ভারতের তারকারা। বাংলাদেশের হয়ে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র ভোকাল ও গিটারিস্ট আইয়ূব বাচ্চু। এছাড়াও মঞ্চে গান গাইবেন হৃদয় খান, ঐশি ও ব্যান্ড ডাকঘর। ভারতের হয়ে এই মঞ্চে পারফর্ম করবেন ইন্ডিয়ান আইডল সিজন-৪’র তোরসা সরকার ও কলকাতার অর্ক মূখার্জী।

কনর্সাটটি আয়োজন করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্টেলস লিমিটেড’। কনসার্টের আয়োজন প্রসঙ্গে ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া জানান, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে বাংলাদেশের পাশাপাশি ভারতের দু’জন জনপ্রিয় সংগীতশিল্পী দর্শকদের সরাসরি গান গেয়ে শোনাবেন। আমাদের বিশ্বাস সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে ভালোবাসা দিবসটি উদযাপন করতে পারবো।’

 

দর্শক-শ্রোতারা ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’ কনসার্টের টিকেট অনলাইন টিকেটশপ http://ticketchai.com/details/631/Valentine-Music-Bash-2017 থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট থেকেও সরাসরি টিকেট সংগ্রহ করা যাবে।