মনীষা ফিরছেন নার্গিসের চরিত্রে
রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্ত-র জীবনভিত্তিক সিনেমাতে তার মা নার্গিস-এর চরিত্রে দেখা যাবে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালাকে।
মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, “আমরা অনেক অভিনেত্রীকেই এই চরিত্রটির জন্য বিবেচনা করছিলাম। তবে সৌন্দর্য এবং সুঅভিনয়ের পাশপাশি মনীষার যে দিকটি আমাকে আকৃষ্ট করেছে, সেটা হলো তিনি ক্যানসারের বিরূদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন। আমার মনে হয়েছে, নার্গিসজীর ক্যান্সারের সঙ্গে যুদ্ধের বিষয়টি তিনিই সবচেয়ে ভাল ফুটিয়ে তুলতে পারবেন।”
ভারতের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত নার্গিস ৫১ বছর বয়সে মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। মনীষা নিজে জরায়ুর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কারণে বিনোদন জগৎ থেকে দূরে সরে ছিলেন। ২০১৬ সালের কন্নড় চলচ্চিত্র ‘গেইম’ দিয়ে রুপালি পর্দায় ফিরে আসেন তিনি। তবে সঞ্জয় দত্তের বায়োপিকটিই হবে দীর্ঘদিন পর তার হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন।
নতুন সিনেমায় সঞ্জয়ের মায়ের চরিত্রে অভিনয় করলেও, একসময় সঞ্জয়ের বিপরীতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন মনীষা। ‘কার্তুজ’, ‘খফ’-এর মতো সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।
সঞ্জয়ের বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। সঞ্জয়ের স্ত্রী মান্যতার ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে। পরেশ রাওয়াল অভিনয় করবেন সুনীল দত্তের চরিত্রে।
