২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কখনোই রাজনীতিতে আসতে চাই না : শাহরুখ

‘রইস’ সিনেমায় এক অসাধু ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ধনী লোকের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তবে সিনেমার মতো বাস্তবে এমন কোনো ইচ্ছে নেই তার!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2017, 06:23 PM

Updated : 11 Apr 2022, 10:55 PM

সিনেমার মুক্তি নিয়ে নানা শঙ্কা ও উগ্র ধর্মীয় দলের হুমকি থাকা সত্ত্বেও মুক্তি পেয়েছে শাহরুখের ‘রইস’ সিনেমাটি। মুক্তির পর বক্সঅফিস মাত করে চলেছে শাহরুখ খান ও মাহিরা খান অভিনীত এ ছবিটি।

আইএনএসকে দেয়া এক সাক্ষাতকারে শাহরুখ বলেন, “আমি একজন অভিনেতা। এছাড়া আর কিছু আমি পারি না। রাজনীতি কখনোই আমার আগ্রহের বিষয় ছিলো না। আমি নায়ক, আর আপনাদের প্রিয় নায়ক হয়েই থাকতে চাই। কখনোই রাজনীতিতে আসতে চাই না।”

‘কাবিল’ ও ‘রইস’ নিয়ে তুলনা প্রসঙ্গে এ তারকা বলেন, “প্রতিটি ছবি আলাদা। একটির সঙ্গে আরেকটির কোনো তুলনা চলে না। তাই আমার ছবির সঙ্গে অন্য ছবির তুলনা করা হোক সেটি আমি চাই না।”

বলিউড অন্য দুই খান সালমান ও আমির-এর তিনশ কোটি রুপির ক্লাবের ঢোকার বিষয়টিকে কিভাবে দেখছেন শাহরুখ?

তিনি বলেন, “এটা তো খুবই আশার কথা যে আমাদের ইন্ড্রাস্টিতে ভালো ব্যবসা হচ্ছে। যদি তুলনার প্রসঙ্গ আসে তবে আমি বলবো, অন্য কেউ নয় বরং আকাশই আমার সর্বোচ্চ সীমানা। “

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কারও সর্বশেষ সিনেমার আয় দিয়েই কি তারকাখ্যাতি পরিমাপ করা যায়? ‘দঙ্গল’ ও ‘সুলতান’ অনেক ভালো ব্যবসা করেছে কিন্তু ‘রইস’-এর অনেক সীমাবদ্ধতার জায়গা ছিলো। সব সিনেমাকেই যে একই রকম ব্যবসা করতে হবে তাতো নয়।”

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমাটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ১০০ কোটির ঘরে।