অনলাইনে ফাঁস ‘কাবিল’!
মুক্তির চতুর্থ দিনেই পাইরেসির শিকার হলো হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’। অনলাইনে বেশ কয়েকটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পুরো সিনেমাটিই।
এমনিতেই শাহরুখ খান-এর ‘রইসে’র কারণে বক্স-অফিসে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছে সঞ্জয় গুপ্ত পরিচালিত সিনেমাটি। ‘রইস’ ৬০ টি হলে এবং ‘কাবিল’ ৪০ টি হলে মুক্তি পাওয়ায় এমনিতেই ক্ষুব্ধ ছিলেন প্রযোজক রাকেশ রোশন। এবার পাইরেসির ঘটনায় ব্যবসায় আরও ক্ষতির সম্মুখিন হবেন বলেই মনে করছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেণ, “এধরণের অনৈতিক কর্মকাণ্ড কেবল তখনই থামানো সম্ভব, যখন এর কারিগররা বুঝতে পারবেন সিনেমা-শিল্পের কত বড় ক্ষতি তারা করছেন। তারা যতোদিন না বুঝবে এর গুরুত্ব, ততোদিন পাইরেসি থামানো যাবেনা।”
‘কাবিল’-এর পাইরেসি রুখতে দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গালুরু ভিত্তিক সফ্টওয়্যার প্রতিষ্ঠান এয়ারপ্লেক্সকে।
তারা এরইমধ্যে যেসব সাইটে ‘কাবিল’-এর চোরাই কপি পাওয়া যাচ্ছে, তাদেরকে আইনি নোটিশ পাঠাতে শুরু করেছে।
এদিকে ভারতের সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহলানি এই ঘটনায় আঙুল তুলেছেন দুবাইয়ের দিকে।
তিনি বলেন, “পাকিস্তান থেকে সরাসরি ভারতে ছবি আসা-যাওয়া যেহেতু নিষেধ, তাই দুবাই হয়ে সিনেমার বিনিময় ঘটে। আর সেখানেই পাইরেসি হয়। আগে অনেকেই অভিযোগ করেছেন, সেন্সর বোর্ড থেকেও সিনেমা ফাঁস হয়ে যায়। কিন্তু এখন এটা প্রমাণিত যে সেন্সর বোর্ডের এখানে কোনো দোষ নেই।”
‘কাবিল’ মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। এতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে ৪০ কোটি রুপির কিছু বেশি।
