২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোজা’তে রাহমান নয়, অন্য কাউকে ভেবেছিলেন মনি রত্নম!

২৫ বছর আগে মনি রত্নম-এর ‘রোজা’ সিনেমা দিয়েই বলিউডে আসন গড়েন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। এবার জানা গেল, ওই সিনেমার জন্য রাহমান নয়, মনি রত্নম ভেবেছিলেন অন্য কাউকেই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 09:03 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

পশ্চিমবঙ্গের প্রথম সারির এক সংবাদপত্র বলছে, ওই সিনেমায় রাহমান-এর জায়গায় প্রথমে তামিল ছবির প্রতিষ্ঠিত সুরকার ইলাইয়া রাজার কথাই ভেবেছিলেন মনি রত্নম।

‘রোজা’র ‘ছোটি সি আশা’ এবং ‘রোজা জানেমন’-এর মতো গানগুলি জনপ্রিয়তা পাইয়ে দেয় রাহমানকে। সেবছর সেরা সংগীত পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি।

সেই থেকে শুরু, এরপর দুই যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করে আসছেন রত্নম-রাহমান জুটি। জন্ম দিয়েছেন ‘বম্বে’, ‘দিল সে’, ‘গুরু’, ‘রাবণ’, ‘ওকে কানামানি’র মতো জনপ্রিয় সিনেমা এবং গানের।

চলতি বছরে এই জুটি ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন উপহার ‘কাতরু ভেলিইদাই’। তামিল এই সিনেমায় অভিনয় করেছেন তামিল তারকা কার্থি এবং অদিতি রাও হায়দারি। সিনেমাটির একটি টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে রাহমান-এর জাদুকরী সুর আর রত্নম-এর দৃষ্টিনন্দন নির্মাণশৈলী মন কেড়েছে দর্শকের।