জীবন নাশের হুমকি পাচ্ছেন সালমানের আইনজীবী!
সালমান খানকে অবৈধ অস্ত্র বহন মামলায় খালাস করিয়ে দেওয়ায় এখন জীবন নাশের হুমকি পাচ্ছেন তার আইনজীবী।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, এইচ এম সারস্বত নামের ওই আইনজীবী দীর্ঘদিন ধরেই সালমানের সঙ্গে কাজ করে আসছেন। মুম্বাইয়ের গাড়ি চাপা মামলাতেও সালমানের আইনজীবী ছিলেন তিনি।
সম্প্রতি তিনি জানিয়েছেন একজন ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ সালমানের মুক্তি পাওয়ার ঘটনায় ‘খুশি নন’। এই ব্যক্তিই অতীতে সালমানের কাছে ‘সুরক্ষা’র কথা বলে অর্থ দাবি করেছিলেন। সালমান তা দিতে রাজি হননি। এবার তিনিই তাকে দুইদিন আগে হত্যার হুমকি দিয়েছেন বলে দাবি করেন সারস্বত।
পুলিশের কাছে লিখিত অভিযোগে সারস্বত আরও জানান, তাকে ফোন করে বলা হয়েছে ‘যে কোনো খারাপ পরিণতির জন্য প্রস্তুত থাকতে’।
সারস্বত-এর এই অভিযোগের ভিত্তিতে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশ কমিশনার অশোক রাঠৌড় এব্যাপারে বলেন, “আমরা তার নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশের ব্যবস্থা করেছি। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
