সিনেমার প্রচারে ভারতে জ্যাকি চ্যান
জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘কুংফু ইয়োগা’-র প্রচারণায় ভারতে আসলেন জ্যাকি চ্যান। এ ছবিতে অভিনয় করেছেন ভারতীয় তারকা সনু সুদ ও অভিনেত্রী দিশা পাটানি ও আমিরা দস্তুর।
ক’দিন আগেই দীপিকা পাড়ুকোনের আমন্ত্রণে ছবির প্রচারণা করতে ভারতে এসেছিলেন হলিউড তারকা ভিন ডিসেল। এবারে সহঅভিনেতা সনু সুদের আমন্ত্রণে সিনেমার প্রচারণায় ভারতে এলেন কুংফু তারকা জ্যাকি চ্যান।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৩ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে এসে নামেন জ্যাকি চ্যান। ভারতের মাটিতে তাকে সাদরে বরণ করে নেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সনু সুদ সহ আরও অনেকেই।
ক’দিন আগে এক টুইট পোস্টের মাধ্যমে ভারতে আসার কথা জানিয়েছিলেন জ্যাকি চ্যান। সে সময় ভারতীয় অভিনেতা সালমান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও বলেছিলেন তিনি। টুইট পোস্টে এ তারকা লিখেছিলেন, “নমস্তে সালমান! আমি আমার ভাইয়ের সঙ্গে (সনু সুদ) ভারতে আসছি তোমার সঙ্গে দেখা করতে!”
স্ট্যানলি টং পরিচালিত ভারত ও চীনের যৌথ প্রযোজনার সিনেমা ‘কুংফু ইয়োগা’তে এক চীনা প্রত্নতত্ত্ববিদ হিসেবে অভিনয় করছেন জ্যাকি চ্যান। এতে ভারতীয় প্রত্নতত্ত্ববিদের চরিত্রে দেখা যাবে দিশা পাটানি ও আমিরা দস্তুরকে।
২৮ জানুয়ারি চীন ও যুক্তরাষ্ট্রে এবং ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে এ সিনেমাটি।
