২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদের কবিতা এবার গানে

সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি বাদ পড়ায় সমালোচনার ঝড় ওঠে। এবার সেই কবিতাটি নিয়েই গান বাঁধলেন সঙ্গীতশিল্পী শতাব্দী ভব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 08:52 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

‘যে বই জ্বালে ভিন্ন আলো/তোমাকে শেখায় বাসতে ভালো/সে বই তুমি পড়বে,’ হুমায়ূন আজাদ রচিত এ কবিতাটি সম্প্রতি ২০১৭ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির পাঠ্যতালিকা থেকে বাদ পড়েছে। এবার কবিতাটি নিয়ে গান বাঁধলেন সঙ্গীতশিল্পী ভব। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি শিল্পী নিজেই সুর করেছেন।

গানটির সংগীত আয়োজন করেছেন রিপন চেীধুরী। এরমধ্যেই গানটির সকল কাজ শেষ হয়েছে। শতাব্দী ভব জানান হুমায়ূন আজাদের পরিবারের সম্মতিতেই কবিতাটি গানে রূপান্তর করেছেন তিনি।

এ প্রসঙ্গে শতাব্দী ভব বলেন, “আমরা দিন দিন উল্টোপথে হাঁটছি, তা নাহলে স্যারের এমন একটা শিশুতোষ কবিতাকে পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার কারণ দেখছি না। অনেক দাম দিয়ে আমরা একটা অসম্প্রদায়িক সোনার বাংলা দেখতে চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “বই কবিতাটি বাদ দেয়ার পর আরো অনেকের মতো আমিও হতবাক হয়ে পড়ি। কিন্তু আমি কি করতে পারি? শুধু দু’একটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েই কি দায়িত্ব শেষ? তখনই সিদ্ধান্ত নিলাম কবিতাটি নিয়ে গান বাঁধব। অনলাইনে যোগাযোগ করলাম অনন্য আজাদের সাথে। তিনি খুশি মনে অনুমতি দিলেন এবং শুভেচ্ছা জানিয়ে রাখলেন।”

শিল্পী আরও বলেন, “ ‘বই’ গানটিই আমার প্রতিবাদের শ্রেষ্ঠ ভাষা। এমনি করে চলতে থাকলে আমাদের শিশুরা একদিন রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শরৎ- কারো নামই জানবে না।”

অচিরেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানান শতাব্দী ভব।