যেভাবে সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয় হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের
১৯ জানুয়ারি, ২০১৭তে তিরাশি বছর বয়সে পা দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু বাঙালি মানসে চিরদিনই তিনি অমলিন থাকবেন ‘অপরাজিত’র অপু হিসেবে।
‘পথের পাঁচালি’ সিরিজের দ্বিতীয় সিনেমাটি দিয়েই কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়-এর সঙ্গে পরিচয় সৌমিত্র-র। সত্যজিৎ-সৌমিত্র জুটি এরপর কাজ করেছেন আরও ১৩ টি সিনেমায়। বিভিন্ন সাক্ষাৎকারে সৌমিত্র বলেছেন, সত্যজিৎ-এর সঙ্গে তার সিনেমার দর্শন মিলে যেত বলেই এতোবছর ধরে তারা কাজ করতে পেরেছেন।
সেই সৌমিত্রকেই প্রথম দেখায় প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সত্যজিৎ! অমিতাভ নাগ-এর বই, ‘বিয়ন্ড অপু: টোয়েন্টি ফেভারিট ফিল্ম রোলস অফ সৌমিত্র চ্যাটার্জি’তে তিনি তুলে ধরেছেন সত্যজিতের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প।
“গল্পটা মজার। একদিন আমার এক বন্ধুর আমার বাড়িতে আসার কথা ছিল। রাস্তাতেই তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে তখন সে আমাকে আপাতদৃষ্টিতে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে শুরু করলো। যেমন, ‘কোথায় যাচ্ছ?’ (সে জানে আমি কফি হাউজে যাচ্ছিলাম), ‘কী করলে সারাদিন?’- এইসব। আমি লক্ষ্য করলাম, আমার সঙ্গে কথা বলতে বলতে রাস্তার উল্টোদিকের একটা লোকের দিকে ইশারা করছিল।”
“আমি তখন জানতে চাইলাম, ‘লোকটা কে?’ সে তখন বললো, ‘লোকটা সত্যজিৎ রায়ের সহকারী। ওরা ‘পথের পাঁচালি’র সিকুয়েল-এর জন্য অপুর চরিত্রে কাউকে খুঁজছে। তা, তুমি যখন বাংলা সিনেমাকে খুব বেশি গুরুত্ব দাও না, আমরা ধরে নিয়েছিলাম, তুমি রাজি হবে না!”
“আমি সঙ্গে সঙ্গে বললাম, ‘পথের পাঁচালি’র পর সত্যজিৎ রায়কে নিয়ে আমার কোনো সংশয় নেই। একথার পর বাসে উঠে আমরা সত্যজিৎ রায়ের বাড়ির দিকে রওনা হলাম।”
“যে মুহূর্তে তার বাড়িতে আমরা ঢুকলাম, তখনই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘ওহহো! আপনিতো কলেজপড়ুয়া অপুর তুলনায় বেশ বুড়ো!’ সঙ্গে সঙ্গে আমার মনে হলো, কাজ নিয়ে কতোটা গভীর চিন্তা করেন তিনি।”
“ওটাই ছিল আমাকে বলা সত্যজিৎ-এর প্রথম কথা। আমি সেকথা কখনও ভুলতে পারবো না। এরপর তারসঙ্গে কালেভদ্রেই দেখা হতো। পরে আমি বুঝতে পেরেছিলাম, তিনি কথা কম বলতেন, এবং অন্যদের বেশি কথা বলতে দিতেন। আর এর মাধ্যমেই তাদের কণ্ঠ, বাচনভঙ্গী, অঙ্গভঙ্গী- এসব তিনি নিজের মাথায় রপ্ত করে নিতেন।”
সত্যজিৎ-এর ক্যামেরায় সৌমিত্র ধরা পড়েছেন অপু হিসেবে, ফেলুদা হিসেবে। কিন্তু আরো অনেক চরিত্র আছে, যাতে সৌমিত্র নিজে অভিনয় করতে চেয়েছেন, কিন্তু সত্যজিৎ তা হতে দেননি!
“আমি গুপির (গুপি গায়েন বাঘা বায়েন) চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, তিনি দেননি। তিনিই সঠিক ছিলেন; সাধারণ এক গরিব গ্রাম্য কৃষকের চরিত্রে আমাকে মানাতো না। ‘কাঞ্চনজঙ্ঘা’ আমারই করার কথা ছিল; শেষ মুহূর্তে অন্য সিনেমার জন্য শিডিউলে মিললো না। তার শেষ ছবি, ‘আগন্তুক’-এর প্রধান চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম আমি। তিনি আমাকে বললেন, ‘আপনার চেহারা যেমন, তাতে করে দর্শকেরা ধরেই নেবে এই অপরিচিত লোকটি সৎ এবং ভালোমানুষ না হয়ে পারেই না! আমি চাই এমন একজনকে, যার ভেতরে রহস্য থাকবে, খলচরিত্রের একটা আভাস থাকবে।’ শেষ অব্দি ওই চরিত্রে তিনি নেন উৎপল দত্তকে।”
