‘সিনেমা, মদ ও তার নায়িকাদের ভালোবাসতেন রাজ কাপুর’
আত্মজীবনী ‘খুল্লামখুল্লা : ঋষি কাপুর আনসেন্সর্ড’-এ ঋষি কাপুর জানালেন তারা বাবা রাজ কাপুরের জীবনের কিছু গোপন কথা।
হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসেবে যার নাম উচ্চারিত হয়ে থাকে তিনি হলেন রাজ কাপুর। রাজ কাপুরের অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও দর্শকের বরাবরই ছিলো কৌতুহল। কিংবদন্তি এ অভিনেতার ছেলে ঋষি কাপুর তার আত্মজীবনীতে জানালেন তার বাবার জীবনের নানা অজানা অধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আত্মজীবনী ‘খুল্লামখুল্লা : ঋষি কাপুর আনসেন্সর্ড’-এ অভিনেতা ঋষি কাপুর তার জীবনের নানা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তার বাবা রাজ কাপুরের গোপন প্রণয়, মদ্যপান ও সিনেমার প্রতি গভীর ভালবাসার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “আমার বাবা রাজ কাপুর ছিলেন একজন প্রেমিক পুরুষ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, তার প্রেমের একটা বড় অংশে ছিলেন তার সিনেমার সহঅভিনেত্রীরা।”
রাজ কাপুরের সঙ্গে তার সহঅভিনেত্রী নার্গিস ও বৈজন্তীমালার প্রেমের জোর গুজব শোনা গিয়েছিলো এক সময়। যদিও এ বিষয়ে তখন গণমাধ্যমে মুখ খোলেননি তারা কেউ। তবে সে সময়ের জনপ্রিয় নায়িকা বৈজন্তীমালা এই প্রেমের গুজব উড়িয়ে দিয়ে বলেছিলেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য তার নামে এসব ছড়াচ্ছেন রাজ কাপুর।
বৈজন্তীমালার এ কথাকে অস্বীকার করেছেন ঋষি কাপুর। তিনি লিখেছেন, “মিথ্যা দিয়ে সত্যিকে ঢাকতে পারবেন না বৈজন্তীমালা। আমার বাবার সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিলো। আমরা সেটার কথা খুব ভালো করেই জানতাম। এমনকি বাবা যদি আজ বেঁচে থাকতেন, আমার বিশ্বাস তিনিও সেটা স্বীকার করতেন।” এছাড়া অভিনেত্রী নার্গিস-এর সঙ্গেও রাজ কাপুরের প্রণয়ের কথা বইটিতে জানিয়েছেন তিনি।
বইটিতে তিনি আরও জানান, তাদের বাবা-ছেলের সম্পর্ক ছিলো বন্ধুর মতো। একসঙ্গে বসে মদ্যপানও করতেন তারা। ঋষি কাপুর লিখেছেন, “আমার বাবা ছিলেন এমন একজন মানুষ যিনি সিনেমা, মদ ও তার নায়িকাদের খুব ভালোবাসতেন। ‘জনি ওয়াকার ব্ল্যাক লেবেল’ কোম্পানির হুইস্কি ছিলো তার অন্যতম পছন্দের একটি ব্র্যান্ড।”
বইটিতে ঋষি কাপুর প্রকাশ করেছেন আরও এক বিস্ফোরক তথ্য। তিনি জানান, ১৯৭৩ সালের সিনেমা ‘ববি’র জন্য ভারতের প্রথম সারির একটি অ্যওয়ার্ড অনুষ্ঠানের সেরা অভিনেতার পুরস্কার অর্থের বিনিময়ে কিনে নিয়েছিলেন তিনি।
ওই একই বছরে ‘জঞ্জির’ সিনেমার দারুণ অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন অমিতাভ বচ্চন। ঋষি কাপুর ভয়ে ছিলেন, সেরার পুরস্কারটা বিগ বিই বাগিয়ে নেবেন। সেই ভয় থেকেই নাকি অর্থ দিয়ে পুরস্কার কেনার মতো গর্হিত কাজটা করেছেন তিনি।
রাজ কাপুরের সঙ্গে প্রায় ৩টি সিনেমায় অভিনয় করেছিলেন ঋষি কাপুর। তার ছেলে রনবীর কাপুর বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেতা। ঋষি কাপুরের এ আত্মজীবনীটি শিগগিরি মুক্তি পাচ্ছে।
