২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গানওয়ালি’র নির্মাণ নিয়ে বিতর্কের মুখে শিরিন

দীর্ঘদিন পর গানের জগতে ফেরা শিরিনের ‘গানওয়ালী’ গানের মিউজিক ভিডিও প্রকাশের পরপরই তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মিউজিক ভিডিওটির পরিচালনা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন শিল্পী ও তরুণ নির্মাতা এসডি সাব্বির।

গ্লিটজ প্রতিবেদক

রুদ্র হক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 05:19 PM

Updated : 11 Oct 2022, 01:20 PM

১১ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের ব্যানারে ইউটিউবে প্রকাশিত হয় শিরিন-এর ‘গানওয়ালী’ গানটির মিউজিক ভিডিও। ভালোবাসা দিবসে অ্যালবাম মুক্তির কথা থাকলেও তার আগেই মিউজিক ভিডিওটি মুক্তি দেয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চিত্রিত মিউজিক ভিডিওটিতে মডেলিংয়ের পাশাপাশি শিরিন নেচেছেনও। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় এটি নির্মাণ করেছেন শিরিন নিজেই। 

এদিকে, অন্তর্জালে প্রশংসিত এ মিউজিক ভিডিওটির নির্মাতা হিসেবে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে নিজেকে মিউজিক ভিডিওটির নির্মাতা হিসেবে দাবি করেছেন তরুণ নির্মাতা এসডি সাব্বির। তার অভিযোগ, মিউজিক ভিডিওটি তিনি নির্মাণ করলেও এর প্রচারে নির্মাতা হিসেবে তাকে অস্বীকার করা হয়েছে। বিষয়টিকে দুঃখজনক ও প্রতারণার সামিল বলেও উল্লেখ করেছেন নির্মাতা।

এসডি সাব্বির তার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন, “ ২৭ নভেম্বরে শিল্পী শিরিন জাওয়াদ তার নতুন মিউজিক ভিডিও নির্মাণের জন্য আমাদের প্রতিষ্ঠান উইন৬৪ প্রোডাকশনকে দায়িত্ব দেন। আমার নেতৃত্বে টিমের সদস্যরা অনেক পরিশ্রম করে গত মাসে মিউজিক ভিডিওটি তৈরি করে। এ জন্য ৪ ও ৫ ডিসেম্বর চট্টগ্রামে এবং ১৮ ডিসেম্বর ঢাকায় এক দিন শুটিং করা হয়।”

Image
গায়িকা শিরিনের সঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ কালে এসডি সাব্বির। ছবি: এসডি সাব্বিরের সৌজন্যে

গায়িকা শিরিনের সঙ্গে মিউজিক ভিডিও নির্মাণ কালে এসডি সাব্বির। ছবি: এসডি সাব্বিরের সৌজন্যে

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “চূড়ান্ত সম্পাদনা শেষে গত মাসেই  মিউজিক ভিডিওটি তাঁকে বুঝিয়ে দেওয়া হয়। নির্মাণ ব্যয় এবং শিল্পী ও কলাকুশলীর সম্মানী কিছু বকেয়া থাকলেও এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা মর্মাহত রিলিজ করা ভিডিওতে পরিচালকের নাম পরিবর্তন এবং নির্মাতা প্রতিষ্ঠানের নাম বাদ দেওয়ায়।”

শনিবার গ্লিটজকে নির্মাতা এসডি সাব্বির এ বিষয়ে বলেন, “টানা তিনদিন ঢাকা ও চট্টগ্রামে মিউজিক ভিডিওটির শুটিং হয়। এটি নির্মাণ করেছি আমি। অথচ সিডি চয়েজ থেকে প্রকাশিত মিউজিক ভিডিওটিতে আমার নাম নেই। এ ঘটনায় আমি বিস্মিত। প্রতারণার স্বীকার হয়েছি বলে মনে করছি। মৌখিক চুক্তিতে শিল্পী শিরিনকে আমি এটি নির্মাণ করে দেই। এখনও তার কাছে আমি পঞ্চাশ হাজার টাকা পাই। পাওনা টাকা নিয়ে আমার দুঃখ নেই, কিন্তু নির্মাতা হিসেবে আমার নাম উল্লেখ করা হয়নি- এটা প্রতারণা।”

তবে, এসডি সাব্বিরের অভিযোগটি অস্বীকার করেছেন সংগীতশিল্পী শিরিন। তিনি বলেন, “অতীতের অন্যান্য মিউজিক ভিডিওর মতো আমার এ মিউজিক ভিডিওটিও আমিই নির্মাণ করেছি। আমার পরিকল্পনা ও পরিচালনায় নির্মাতা এসডি সাব্বির আমাকে এটি নির্মাণে সহায়তা করেছেন। তার প্রোডাকশান টিম এটি নির্মাণে কাজে লাগানো হয়। তাদের পাওনা পুরোপুরি পরিশোধ করা হয়েছে।”

এ ব্যাপারে শিরিনের সঙ্গে বারবার যোগাযোগ করেও ব্যার্থ হয়েছেন বলে দাবি করেছেন নির্মাতা এসডি সাব্বির। এ ঘটনায় সংগীতশিল্পী শিরিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন নির্মাতা তিনি। চট্টগ্রাম বার কাউন্সিলের সদস্য এডভোকেট সৈয়দ মিনহাজ মোরশেদের মাধ্যমে রোববার শিল্পী বরাবর উকিল নোটিশ পাঠাবেন বলেও গ্লিটজকে জানান তিনি।