২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করন-কাজলের বন্ধুত্বে ফাটল! কারন কী?

আত্মজীবনীতে নিজের সমকামিতার কথা স্বীকার করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন নির্মাতা করন জোহর। এবার জানা গেলো অভিনেত্রী কাজলের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হওয়ার কারণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 09:45 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

জনপ্রিয় বলিউড পরিচালক করন জোহরের সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘অ্যান আনসুইটেবল বয়’-তে অভিনেত্রী কাজলের সঙ্গে তার দূরত্বের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। তাদের বন্ধুত্বে ফাটলের কারণ হিসেবে কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগনের কথাই উল্লেখ করেছেন তিনি!

আত্মজীবনীর একটি অংশে করন জোহর লিখেছেন, “কাজল আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবোঝি হয়নি। আসলে মূল সমস্যাটা ছিলো কাজলের স্বামী আর আমার মধ্যে। সে (অজয় দেবগন) আমার সঙ্গে এমন কিছু আচরণ করেছে যা কেবল আমরা তিনজনই জানি। এ বিষয়টি আমি এখানে বলতে চাইছি না। তবে আমার মনে হয়েছে কাজল এমন কিছুর জন্য আমার কাছে ক্ষমাপ্রার্থী যে বিষয়ে আসলে তার কোনো দোষ নেই।”

দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব উপেক্ষা করে স্বামীর পক্ষ নেওয়ায় কাজলের উপর কিছুটা অভিমান করেছেন করন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, “কাজল যদি মনে করে সে তার ২৫ বছরের বন্ধুত্বকে উপেক্ষা করে তার স্বামীর পক্ষ নেবে- তবে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে আমি কিছু বলতে পারি না। তবে এইটুকুই বলবো, আমার জীবনে কাজলের অধ্যায়টি একেবারেই শেষ হয়ে গেছে। সে আর আমার বন্ধু নয়।”

বইটিতে করন আরও জানিয়েছেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘শিভাই’-এর মুক্তি নিয়ে অজয় ও করনের ভেতর যে জটিলতা তৈরি হয়েছিলো সেটিই কাজলের সঙ্গে তার তিক্ততার কারণ। অজয়ের সিনেমা ‘শিভাই’-এর নেতিবাচক প্রচারণার জন্য কামাল আর খানকে ঘুষ দিয়েছেন করণ- এমন অভিযোগ করা হয়েছিলো অজয়ের পক্ষ থেকে। এ অভিযোগটি বিশ্বাস করে অজয়ের পক্ষে একটি টুইট পোস্ট লিখেছিলেন কাজল। এটি দেখেই কষ্ট পেয়েছিলেন করন। তখনই তিনি সিদ্ধান্ত নেন কাজলের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়।

কাজল ও করনের দীর্ঘ দিনের বন্ধুত্বে ফাটল ধরার ঘটনাটি বেশ কিছুদিন ধরেই ছিলো মিডিয়ার অন্যতম আলোচিত একটি বিষয়।  তবে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খোলেননি তারা। এবারে করনের নিজের বয়ানেই মিললো ঘটনার সত্যতা।