রায়ানের প্রশংসার কৌশলী জবাব দিলেন ইভা!
গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের আসর মাতিয়েছে ‘লা লা ল্যান্ড’। এর জন্য মিউজিক্যাল সিনেমা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন রায়ান গসলিং। পুরস্কার পাওয়ার পর স্ত্রী ইভা মেন্ডেজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এ অভিনেতা।
পুরস্কার পেয়ে আপ্লুত রায়ান গসলিং বলেন, “আমার এ পুরস্কারের পেছনে যার সাহায্য ও সহযোগিতা রয়েছে সে হচ্ছে আমার স্ত্রী। সে না থাকলে আজকে আমি এ জায়গায় থাকতাম না। আমার জায়গায় হয়ত অন্য কেউ এ পুরস্কারটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো! প্রিয়তমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ।”
রায়ানের এ বক্তব্যের পর কি প্রতিক্রিয়া জানালেন তার স্ত্রী, তা জানার অপেক্ষায় ছিলেন সবাই। সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রায়ানের স্ত্রী, জনপ্রিয় হলিউড অভিনেত্রী ইভা মেন্ডেজ। গোল্ডেন গ্লোবের লালগালিচায় সঙ্গীতশিল্পী জেনেল মোনাই-এর দাঁড়িয়ে থাকা ওই ছবির সাথে একটি অদ্ভুত ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি!
মেন্ডেজ লিখেছেন, “অবশ্যই এটা আমার আজকের আসরের সবচেয়ে প্রিয় ছবি নয়! তবে এটা আমার অন্যতম প্রিয় একটি স্টাইল। জেনেল মোনাই, আমার মন কেড়ে নিয়েছে। অসম্ভব সুন্দর, গোল্ডেন গ্লোব আসর!” মেন্ডেজের এ পোস্টটিকে রায়ানের প্রশংসার সুকৌশলী জবাব বলেই মনে করছেন সবাই!
রায়ান-ইভা দম্পতির ঘরে রয়েছে দুটি কন্যা সন্তান।
