সঞ্জীব চৌধুরী স্মরণে বৃহস্পতিবার ঢাবিতে ‘কনসার্ট ফর ফাইটার্স’
সংগীত শিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরী স্মরণে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর ফাইটার্স’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।
কনসার্টের অন্যতম আয়োজক ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঞ্জীবদাকে উৎসর্গ করে ১১ বছর পর আবারও কনসার্ট ফর ফাইটার্স আয়োজন করছি। কনসার্ট বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্য চত্বরে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।”
কনসার্ট চলাকালে টি-শার্ট, স্টিকার ও পোস্টার বিক্রি করে অর্থ সংগ্রহ করে তা গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতাল পরিবারগুলোকে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সঞ্জীব চৌধুরী ছিলেন ব্যান্ড দল ‘দলছুট’র অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন সঞ্জীব চৌধুরী। দৈনিক ভোরের কাগজ, আজকের কাগজ ও যায়যায়দিন-এ কাজ করেছেন তিনি।
এর আগে ২০০৫ সালে টিএসসির রাজু ভাস্কর্যে আয়োজন করা হয়েছিল কনসার্ট ফর ফাইটার্স, যেখানে সঞ্জীব চৌধুরীও গান করেছিলেন।
এবারের কনসার্টে ব্যান্ড শিল্পী মাকসুদ, কণ্ঠ শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও সীনা হাসানের পাশাপাশি গানের দল সহজিয়া, মেঘ দল, মাদল, সমগীত, চিৎকার, মনোসরণি, লীলা, গানপোকা এবং আদিবাসী মেয়েদের ব্যান্ড দল এফ-মাইনরের পরিবেশনার কথা রয়েছে বলে তুহিন জানিয়েছেন।
