২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে কী করছেন হৃতিক?

একে একে জীবনের ৪৩টি বসন্ত পার করে ফেললেন বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হৃতিক রোশান। এবারের জন্মদিনটা এ অভিনেতার জন্য একটু বিশেষই বটে ! চলুন জেনে নিই কি করছেন তিনি এবারের জন্মদিনে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 07:57 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

হৃতিকের জন্মদিন উপলক্ষে তার সাবেক স্ত্রী সুজান খান  ইন্সটাগ্রামে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন। হৃতিক-সুসানের এ যুগল ছবির নিচে তিনি লিখেছেন, “হ্যাপিয়েস্ট হ্যাপি বার্থ ডে টু ইউ।” দিনের শুরুতেই এমন মিষ্টি শুভেচ্ছা পেয়ে নিশ্চয়ই ভালো কেটেছে এ তারকার দিন!

মুম্বাই মিরর’কে দেয়া এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছেন তার জন্মদিনে পরিকল্পনা।

তিনি বলেছেন, “জন্মদিন আমার কাছে বরাবরই বিশেষ একটি দিন। এই দিনটি আমি আমার সন্তান ও পরিবারের সাথে কাটাতে ভালবাসি। আমার দুই ছেলের এ দিনটিকে ঘিরে নানা রকম পরিকল্পনা থাকে।জন্মদিনে ওরা আমাকে চিঠি লেখে। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করি সেটি পড়ার জন্য!”

তবে এবারের জন্মদিনটি একটু আলাদা হবে বলে জানিয়েছেন হৃতিক। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ তারকার নতুন ছবি ‘কাবিল’। এ মুহূর্তে ছবির প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এবারের জন্মদিনের অনুষ্ঠানটি ‘কাবিল’-এর কলাকুশলীদের সঙ্গেই করবেন তিনি।

হৃতিকের সর্বশেষ ছবি ‘মহেঞ্জোদারো’ বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কাবিল’ দিয়ে তাই ঘুরে দাঁড়াবেন তিনি-এমনটাই আশা হৃতিকভক্তদের।